ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। জেরুজালেম এবং মধ্য ইসরায়েলসহ দক্ষিণ অঞ্চলে একাধিক সতর্কবার্তা জারি করা হয়েছে। এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার এসব খবর জানিয়েছে আল জাজিরা।
এরইমধ্যে বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানে থাকা গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, তাদের ধারণা এ হামলায় ইরান ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে। এ ধরনের যুদ্ধাস্ত্র ছোট ছোট অনেক বোমা ছড়িয়ে দেয়।
মধ্য ইসরায়েলের অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক আছড়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে। এর আগে, উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকায় সতর্কতা সংকেত জারি করা হয়েছিল। পরে তা তুলে নেয়া হয় এবং বাসিন্দাদের আশ্রয় থেকে বেরিয়ে আসার অনুমতি দেয়া হয়।
গত রোববার থেকে ইসরায়েলে হামলার ধারা অব্যাহত রয়েছে। উত্তর ইসরায়েলে বারবার সতর্কতা সংকেত জারি করা হয়েছে। কারণ তারা কেবল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকারই হচ্ছে না, বরং লেবানন সীমান্ত দিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকেও হামলার শিকার হচ্ছে।