ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি-সিজেপি। আন্দোলনের নেতৃত্ব দিতে ভারতে ফিরেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। দেশটির গণমাধ্যমগুলো বলছে, তিনি বিক্ষোভস্থলে পৌঁছানোর পরই এ কর্মসূচি আয়োজনের অনুমতি দেয় পুলিশ। খবর দ্য হিন্দু।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারা মাত্রই অভিজিৎ দিপকেকে ঘিরে ধরেন ১০ থেকে ১৫ জন পুলিশ কর্মকর্তা। সেখান থেকে দুপুরে বিক্ষোভস্থলে পৌঁছান তিনি।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে বোস্টন থেকে ভারতে ফেরার ঘোষণা দিয়ে দীপকে বলেছিলেন, পরীক্ষা-সংক্রান্ত নানা অনিয়ম ও ব্যর্থতার দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি শান্তিপূর্ণ আন্দোলন শুরু করবেন।
নয়াদিল্লির চলমান এ বিক্ষোভে এরই মধ্যে যোগ দিয়েছেন শিক্ষা সংস্কারক ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আজ জন্তর-মন্তরে পৌঁছে ওয়াংচুক বিক্ষোভকারীদের সঙ্গে অবস্থান নেন।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালানোর আহ্বান জানিয়ে অভিজিৎ দিপকে লেখেন, আমি জন্তর-মন্তরে সবাইকে দেখার জন্য অপেক্ষা করছি। আমাদের এ আন্দোলন ভালোবাসা ও শান্তির মাধ্যমে এগিয়ে নিতে হবে।
নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক বিভিন্ন কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ ডাকা হয়েছে। আজ বিক্ষোভ শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারে কাজ করছে দিল্লি পুলিশ ও আধা-সামরিক বাহিনী।