পুতিনের সঙ্গে স্টিভ উইটকফের সাক্ষাৎ, শুক্রবারের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা ক্ষীণ

বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবারের মধ্যে কোনো শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। কারণ, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইউক্রেনের ওপর ব্যাপক আকাশ হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। যার মধ্যে রয়েছে রাজধানী কিয়েভও।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কূটনৈতিক দূত স্টিভ উইটকফ। বুধবার সকালে উইটকফ মস্কো পৌঁছালে রাশিয়ার বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ তাকে স্বাগত জানান। পরে ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উইটকফ ও পুতিন করমর্দন করছেন।

এই বৈঠকে পুতিন কি উইটকফকের মাধ্যমে ট্রাম্পকে কোনো বার্তা দিতে চান কিংবা ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান কি না তা এখনো অনিশ্চিত। ট্রাম্প সম্প্রতি পুতিনের ওপর গভীর অনাস্থা প্রকাশ করেছেন। তিনি মনে করছেনরুশ নেতা তাকে ‘ঘোরাচ্ছেন’। অন্যদিকে পুতিন এখনো পূর্ব ইউক্রেনের দনেস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন দখলের লক্ষ্য ত্যাগ করেননি।

রাশিয়ায় পা রাখার পর উইটকফ কোনো প্রত্যাশা প্রকাশ করেননি বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। এদিকে উইটকফের সফরের আগের দিন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। সেখানে মস্কোর বিরুদ্ধে সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা ও ইউক্রেনকে আরো মার্কিন অস্ত্র সহায়তা দেয়ার বিষয়েও আলোচনা হয়।

রাশিয়াকে শুক্রবারের মধ্যে শান্তিচুক্তি করার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। না হলে দেশটির অর্থনীতি ও জ্বালানি পণ্য ক্রয়কারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ট্রাম্প প্রথমে ৫০ দিনের সময়সীমা দিলেও রাশিয়ার অপ্রতিরোধ্য মনোভাব দেখে তা সংক্ষিপ্ত করেছেন। তবে তিনি এটাও মেনে নিচ্ছেন যে নিষেধাজ্ঞা সবসময় কার্যকর নাও হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবারের মধ্যে কোনো শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। কারণ, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইউক্রেনের ওপর ব্যাপক আকাশ হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। যার মধ্যে রয়েছে রাজধানী কিয়েভও।

আরও