ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ: নিউ ইয়র্ক টাইমস

২৩ আপডেট
  • ২৪ মার্চ, ২০২৬

    ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ: নিউ ইয়র্ক টাইমস

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে যাচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

    একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুবরাজ ট্রাম্পকে বলেছেন, ইরানের শাসনব্যবস্থা উপসাগরীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি হুমকি। ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হওয়ার আগেই এ সরকারকে নির্মূল করতে হবে।

    এতে আরো বলা হয়, ট্রাম্প মাঝেমধ্যে যুদ্ধ থামিয়ে দেয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও যুবরাজ সালমান যুক্তি দেখাচ্ছেন, সেটি করলে ভুল হবে। তেহরান সরকারকে দুর্বল করতে যুবরাজ ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর জোরালো দাবিও জানিয়েছেন।

  • ২৪ মার্চ, ২০২৬

    লেবাননে এখন পর্যন্ত নিহত ১০৭২, আহত ২৯৬৬: স্বাস্থ্য মন্ত্রণালয়

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ শুরু হওয়া ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৭২ জন নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরো ২ হাজার ৯৬৬ জন।

    সূত্র- আল জাজিরা

  • ২৪ মার্চ, ২০২৬

    মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানি রেড ক্রিসেন্টের স্থাপনা ও অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত

    ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর দেশটিতে মার্কিন ও ইসরায়েলি হামলায় তাদের সংস্থার ১৭টি কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

    সংস্থাটি আরো জানিয়েছে, তাদের সঙ্গে যুক্ত ৯৪টি অ্যাম্বুলেন্স এবং একটি ত্রাণবাহী যানও এ হামলার শিকার হয়েছে।

    সূত্র- আল জাজিরা

  • ২৪ মার্চ, ২০২৬

    বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে বিমানে হামলার দাবি ইরানের

    ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং হাইফা এলাকার অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

    সেনাবাহিনীর দাবি, তারা আজ ভোর থেকে ড্রোন ব্যবহার করে বিমানবন্দরের রিফুয়েলিং এয়ারক্রাফটগুলোয় হামলা চালাচ্ছে। এছাড়া বিমানবন্দরের নিকটবর্তী সামরিক ও অ্যারোস্পেস শিল্প এলাকা এবং হাইফাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

    সূত্র- আল জাজিরা

  • ২৪ মার্চ, ২০২৬

    ইরানি হামলায় আমিরাতি সেনা নিহতের দাবি বাহরাইনের

    বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটির ওপর চলমান হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের একজন সেনাসদস্য নিহত হয়েছেন। বাহরাইন এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

    মন্ত্রণালয় আরো জানিয়েছে, এ হামলায় বাহরাইনের নিজস্ব বেশ কয়েকজন সেনাসদস্যও আহত হয়েছেন।

    সূত্র- আল জাজিরা

  • ২৪ মার্চ, ২০২৬

    যুক্তরাষ্ট্র-ইরান চাইলে সংলাপের আয়োজন করবে পাকিস্তান: শেহবাজ শরীফ

    যুক্তরাষ্ট্র ও ইরান চাইলে সংঘাত নিরসনে সংলাপের আয়োজন করতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক্সে পোস্টে তিনি এ কথা জানান।

    পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে সংলাপের চলমান প্রচেষ্টাকে পাকিস্তান স্বাগত জানায় এবং পূর্ণ সমর্থন করে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি থাকলে চলমান এই সংকটের চূড়ান্ত সমাধানের জন্য অর্থবহ ও চূড়ান্ত আলোচনার আয়োজন করতে পাকিস্তান প্রস্তুত আছে ও সম্মানিত বোধ করবে।

  • ২৪ মার্চ, ২০২৬

    ইরানের তেহরান ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে

    ইরানের রাজধানী তেহরান ও অন্যতম শহর ইসফাহানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল আরেক দফায় ইরানে হামলা শুরু করেছে—ইসরায়েলি বাহিনীর এমন ঘোষণার কিছু সময় পর তেহরান ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেল।

    সূত্র- আল জাজিরা

  • ২৪ মার্চ, ২০২৬

    পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

    ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এ ঘোষণা দিয়েছেন। ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদির এই মন্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। তিনি বলেছেন, ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।'

    ইরানি এ জেনারেল ‌‌‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনায় কোনও ধরনের ছাড় দেওয়ার বিষয়ে সতর্ক করতেই ইরানি সামরিক বাহিনীর অবস্থানের বিষয়ে তিনি ধারণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

  • ২৪ মার্চ, ২০২৬

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা

    ফিলিপাইনে 'জাতীয় জ্বালানি জরুরি অবস্থা' ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ এবং স্থিতিশীলতার ক্ষেত্রে তৈরি হওয়া ঝুঁকিকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

    প্রেসিডেন্ট তার নির্বাহী আদেশে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং এর ফলে দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতার ওপর তৈরি হওয়া আসন্ন বিপদের কথা বিবেচনা করে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

    সূত্র- আল জাজিরা

  • ২৪ মার্চ, ২০২৬

    ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানাল ইসরায়েল

    ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের একটি বহর শনাক্ত করেছে। তারা আরো জানিয়েছে, দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটির দিকে ক্ষেপণাস্ত্রের বহর ধেয়ে আসছে।

    সূত্র- আল জাজিরা

  • ২৪ মার্চ, ২০২৬

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ড্রোন ভূপাতিত করার দাবি

    সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে (ইস্টার্ন প্রভিন্স) একটি ড্রোন ভূপাতিত করেছে।

    সূত্র- আল জাজিরা

  • ২৪ মার্চ, ২০২৬

    ইরানের মুহুর্মুহু হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি ছবি

    ইসরায়েলের তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দাউদাউ করে জ্বলছে একটি গাড়ি। ছবি : রয়টার্স

    তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পর একটি বিধ্বস্ত স্থানে জড়ো হয়েছেন ইসরায়েলি জরুরি পরিষেবা কর্মীরা।

    তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন নেভানোর কাজ করছেন ইসরায়েলি দমকল কর্মীরা। ছবি : রয়টার্স

  • ২৪ মার্চ, ২০২৬

    সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবন ধ্বংস হয়েছে: তেল আবিবের মেয়র

    ক্ষেপণাস্ত্রের ‘সরাসরি আঘাতে’ একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তেল আবিবের মেয়র রন হুলদাই। তিনি জানান, এ ঘটনায় চারজন সামান্য আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিচ্ছেন উদ্ধারকর্মীরা।

    ঘটনাস্থলে থাকা এএফপি সংবাদদাতার তথ্য বলছে, শহরের উত্তরাঞ্চলের অভিজাত এলাকায় একটি পুরনো তিনতলা ভবন ধ্বংস হয়ে গেছে।

    আর্মি রেডিওসহ বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমের মতে, কোনো রকেট লঞ্চার থেকে ছোঁড়া তিন থেকে চারটি ওয়ারহেডের কারণে এ ক্ষতি হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তাদের ধারণা, ওয়ারহেডগুলোর প্রতিটিতে প্রায় ১০০ কিলোগ্রাম বিস্ফোরক ছিল।

    ইসরায়েলি জরুরি সেবা বিভাগ ঘটনাস্থলের একাংশের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, আহত চারজনকে চিকিৎসা দিয়ে দ্রুত ছেড়ে দিয়েছে তারা।

    সূত্র- বিবিসি বাংলা

  • ২৪ মার্চ, ২০২৬

    ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো লেবানন

    ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে লেবানন। আগামী রবিবারের মধ্যে তেহরানের এই কূটনৈতিক প্রতিনিধিকে লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে।

    লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডেনিস রাহমে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হলেও লেবাননে ইরানি দূতাবাসে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স থাকবেন। তিনিই কূটনৈতিক মিশনটি পরিচালনা করবেন।

    ২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সর্বশেষ যুদ্ধের পর থেকে ইরানের সঙ্গে লেবাননের সম্পর্কের যে অবনতি শুরু হয়েছিল, রাষ্ট্রদূত বহিষ্কারের এই সিদ্ধান্ত সেটিরই ধারাবাহিকতা।

  • ২৪ মার্চ, ২০২৬

    ইরানের নতুন নিরাপত্তা প্রধান বাকের জোলকাদর

    ইরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বাকের জোলকাদর। ইসরায়েলের হামলায় নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন তিনি। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ কথা জানিয়েছে।

  • ২৪ মার্চ, ২০২৬

    ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

    ইরান ১০ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলে ৭ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত মধ্যরাত থেকে এ হামলা শুরু করে তেহরান। ইসরায়েল বলছে, ৭ দফার মধ্যে সর্বশেষ দফায় ডিমোনা শহরে হামলা চালায় তেহরান। হামলা হয়েছে তেল আবিবেও। ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেখানে উদ্ধার কর্মী পাঠায়। তেল আবিবের হামলার ঘটনার ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়।

    অন্যদিকে, ইসরায়েলও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। গত রাতে দিকে ইসরায়েলি বিমান বাহিনী ৫০টির বেশি লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও অন্যান্য সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে। আইডিএফ বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে তিন হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েল।

  • ২৪ মার্চ, ২০২৬

    খোররামশাহর বিদ্যুৎকেন্দ্রে হামলায় ব্যাহত হয়নি কার্যক্রম, নেই হতাহত

    ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খোররামশাহরে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইন লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। তবে এই হামলায় কেন্দ্রটির কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

    খোররামশাহরের গভর্নর জানান, একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইন প্রসেসিং স্টেশনের বাইরের অংশে আঘাত হানে। হামলার পরপরই দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি স্বাভাবিকভাবে সচল রয়েছে এবং স্থানীয়দের বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হয়নি।

  • ২৪ মার্চ, ২০২৬

    বিদ্যুৎ অবকাঠামোতে ইরানি হুমকি জিসিসি দেশগুলোর জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান নতুন করে হুমকি দিয়েছে যে, তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পাল্টা আঘাতে উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। এই হুমকির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর বড় শহরগুলোতে।

    জিসিসি দেশগুলোর বিদ্যুৎ গ্রিড পরস্পরের সঙ্গে সংযুক্ত। ফলে একটি দেশে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় হলে তার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়তে পারে অন্য দেশগুলোতেও। বিশেষজ্ঞদের মতে, এই আন্তঃনির্ভরশীলতাই এখন সবচেয়ে বড় দুর্বলতা।

    বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতের মতো দেশগুলোয় বিদ্যুৎ সরবরাহ শুধু বাসাবাড়ির জন্য নয়, বরং শিল্প, পরিবহন এবং নিরাপত্তা ব্যবস্থার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এই অঞ্চলের আরেকটি বড় ঝুঁকি হলো পানির সরবরাহ। জিসিসি দেশগুলোর বেশিরভাগ সুপেয় পানি আসে সমুদ্রের পানি বিশুদ্ধ করার মাধ্যমে। এসব ডেসালিনেশন প্ল্যান্ট সাধারণত বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে যুক্ত। ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে শুধু আলো-বিদ্যুৎ নয়, পানির সরবরাহও হুমকির মুখে পড়বে। এতে দ্রুত মানবিক সংকট তৈরি হতে পারে।

    বিশ্লেষকদের মতে, ইরান এই হুমকির মাধ্যমে একটি কৌশলগত বার্তা দিতে চাচ্ছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্রদের উদ্দেশে। বার্তাটি হলো, সংঘাত বাড়ালে তার খরচ শুধু ইরানকেই নয়, পুরো অঞ্চলকেই বহন করতে হবে।

    এই ধরনের অবকাঠামো লক্ষ্য করে হামলা ‘প্রেশার পয়েন্ট’ হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা প্রতিপক্ষকে যুদ্ধের সিদ্ধান্ত নেয়ার আগে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে।

    বিদ্যুৎ ও পানির মতো মৌলিক সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটলে উপসাগরীয় শহরগুলো কার্যত অচল হয়ে পড়তে পারে। হাসপাতাল, বিমানবন্দর, যোগাযোগ ব্যবস্থা—সবকিছুই এর প্রভাবে থমকে যেতে পারে।

  • ২৪ মার্চ, ২০২৬

    ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন : ইইউ প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক নেই এবং এ কারণে ভুক্তভোগী হচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ। এ ভোগান্তি নিরসনে দুই দেশের নেতৃত্বকে যুদ্ধ বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক পন্থা অনুসরণের মাধ্যমে নিজেদের মতপার্থক্যগুলো দূর করার আহ্বান জানিয়েছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। গতকাল সোমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন উরসুলা। সেখানে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইইউ প্রেসিডেন্ট বলেন, `(এ যুদ্ধের কারণে) বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহে সংকট দেখা দিয়েছে এবং এরইমধ্যে তেল-গ্যাসের দাম, ব্যবসা-বাণিজ্য এবং আমাদের সমাজে তার প্রভাব আমরা স্পষ্টভাবে অনুভব করছি। এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যেন আলোচনা ও কূটনৈতিক পন্থায় একটি সমাধানে পৌঁছাই এবং তার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাই।’

    সংবাদ সম্মেলনে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজকে লক্ষ্য করে ইরানের হামলাকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছেন উরসুলা ভন ডার লেন।

  • ২৪ মার্চ, ২০২৬

    চার দিনের কর্মসপ্তাহ ও নগদ ভর্তুকি: জ্বালানি সংকট মোকাবেলায় এশীয় দেশগুলোর প্রস্তুতি

    ইরান যুদ্ধের তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এশিয়াজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট ও অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে দেশগুলো অভূতপূর্ব সব পদক্ষেপ গ্রহণ করছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা তাদের নিজ নিজ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন নীতিমালা ও জনকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা দিয়েছে।

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিয়ুং দেশজুড়ে জ্বালানি সাশ্রয় কর্মসূচি জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি সরকারি প্রতিষ্ঠানে যাত্রীবাহী গাড়ির ব্যবহার কমানোর নির্দেশ দিয়েছেন এবং জ্বালানির বাড়তি দামের কারণে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সহায়তায় দ্রুত সম্পূরক বাজেট পাসের ওপর জোর দিয়েছেন।

    জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি জানিয়েছেন, মার্চের শেষ নাগাদ উৎপাদক দেশগুলোর সঙ্গে যৌথভাবে সংরক্ষিত তেল মজুত থেকে সরবরাহ শুরু করা হবে। এরই মধ্যে বেসরকারি খাতের প্রায় ১৫ দিনের তেল মজুত বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

    নিউজিল্যান্ড সরকার নিম্ন ও মধ্য আয়ের প্রায় ১ লাখ ৪৩ হাজার পরিবারকে সাপ্তাহিক ৫০ ডলার করে ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে এই সহায়তা কার্যকর হবে এবং জ্বালানির দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত বা সর্বোচ্চ এক বছর পর্যন্ত তা চালু থাকবে।

    শ্রীলঙ্কা সরকার জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে একদিন (বুধবার) সব সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিচার বিভাগে ছুটি ঘোষণা করেছে। ফলে কার্যত চারদিনের কর্মসপ্তাহ চালু হয়েছে। তবে হাসপাতাল ও কাস্টমসসহ জরুরি সেবা এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

    বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল এশিয়ার দেশগুলো যুদ্ধের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বালানি সরবরাহে বিঘ্ন ও মূল্যবৃদ্ধি সামাল দিতে এসব পদক্ষেপ নেয়া হলেও দীর্ঘমেয়াদে পরিস্থিতি আরো চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।

  • ২৪ মার্চ, ২০২৬

    ইরানে হামলা স্থগিতের ঘোষণায় চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার

    ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোয় হামলা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার সকাল থেকেই এশিয়ার শেয়ারবাজারগুলোয় চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। তেলের বাজারে অস্থিরতা এবং সংঘাতের আশঙ্কার মাঝে ট্রাম্পের এই সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

    মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ প্রায় দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার সূচক কোস্পি বেড়েছে ১ দশমিক ১ এবং হংকংয়ের হ্যাং সেং সূচক ১ দশমিক ৪ শতাংশ পর্যন্ত উর্ধ্বমুখী হতে দেখা গেছে। তবে ট্রাম্পের এই পিছু হটার সিদ্ধান্তের পরও বাজার বিশ্লেষকরা সতর্ক অবস্থানে রয়েছেন।

    ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম এবং শেয়ারবাজার এখনো বেশ অস্থির। বিশেষ করে এশীয় দেশগুলো তাদের জ্বালানি চাহিদার বড় একটি অংশের জন্য মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল। হরমুজ প্রণালী দিয়ে এই জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ রয়েই গেছে।

  • ২৪ মার্চ, ২০২৬

    বৈরুতে হামলায় নিহত ৩, কুদস ফোর্সকে লক্ষ্যবস্তু করার দাবি ইসরায়েলের

    লেবাননের রাজধানী বৈরুতে রাতভর পরিচালিত দুটি পৃথক লক্ষ্যভেদী হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিদেশী শাখা ‘কুদস ফোর্স’-এর সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

    ইরান অবশ্য এই সংঘাতের শুরুর দিকে একটি হোটেলে হামলায় তাদের চারজন নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছিল। তবে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয় যে, নিহতরা কোনো সামরিক বাহিনীর সদস্য ছিলেন না, বরং তারা সাধারণ বেসামরিক নাগরিক ছিলেন। বৈরুতে সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    অন্যদিকে, লেবানন সরকার দেশে আইআরজিসি এবং হিজবুল্লাহর সব ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তা কার্যকর করতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এই সিদ্ধান্তের যথাযথ প্রয়োগ না হওয়ায় কেবল ইসরায়েলি আক্রমণই বাড়ছে না, বরং লেবাননের অভ্যন্তরেও তীব্র রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা ছড়িয়ে পড়ছে।

  • ২৪ মার্চ, ২০২৬

    জ্বালানির দাম বৃদ্ধিতে লাগাম টানল চীন

    বৈশ্বিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে থাকায় অভ্যন্তরীণ বাজারে প্রভাব কমাতে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে চীন। দেশটির সরকার জ্বালানির মূল্য নির্ধারণ ব্যবস্থায় সাময়িক পরিবর্তন এনে দাম বৃদ্ধির হার সীমিত করেছে।

    সরকারি বার্তা সংস্থা জিনহুয়া জানায়, এক দশকেরও বেশি সময় আগে চালু হওয়া জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থার পর এই প্রথম এমন হস্তক্ষেপ করল বেইজিং। দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা এনডিআরসি মধ্যরাত থেকে পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বৃদ্ধি করলেও ‘সাময়িক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা’ গ্রহণ করে তা সীমিত রাখে।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম প্রতি মেট্রিক টনে ১,১৬০ ইউয়ান এবং ডিজেলের দাম ১,১১৫ ইউয়ান বাড়ানো হয়েছে। অথচ কোনো হস্তক্ষেপ না হলে এই বৃদ্ধি যথাক্রমে ২,২০৫ ইউয়ান ও ২,১২০ ইউয়ান হতে পারত। এই সমন্বয়কে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি মূল্যবৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে।

    এনডিআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে ‘অস্বাভাবিক’ মূল্যবৃদ্ধির ধাক্কা কমানো, ভোক্তা ও শিল্পখাতের ওপর চাপ হ্রাস এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

    সংস্থাটির কর্মকর্তা লু ঝিচেন রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বৈশ্বিক তেলের দাম আরো বাড়লে সরকার সরবরাহ স্থিতিশীল রাখতে কর ও ভর্তুকি সহায়তা দিতে পারে।

    উল্লেখ্য, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গত কয়েক বছর ধরেই চীন তাদের কৌশলগত তেলের মজুদ বৃদ্ধি, আমদানিতে বৈচিত্র্য আনা এবং সৌর, বায়ু ও বৈদ্যুতিক যানবাহনের মতো পরিবেশবান্ধব জ্বালানি খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত একদিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্পের মতে, দুই দেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, যা বড় ধরনের সংঘাত এড়াতে সহায়ক হতে পারে। ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইরানি প্রতিনিধিদের সঙ্গে ‘অত্যন্ত জোরালো’ আলোচনা চালিয়েছেন। ট্রাম্প আরো ৫ দিন সময় উল্লেখ করে আশা প্রকাশ করেছেন যে, এই সময়ের মধ্যে একটি ভালো সমাধান আসতে পারে। খবর দ্য গার্ডিয়ান ও সিএনএন।

তবে তেহরান ট্রাম্পের এই আলোচনার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ দিন আগে বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি। ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই মন্তব্যকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ এবং আর্থিক বাজার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে অভিহিত করা হয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানিয়েছে, তারা মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে এবং আলোচনার খবরটি ভিত্তিহীন।

এদিকে কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, সরাসরি আলোচনা না হলেও মিসর, পাকিস্তান এবং উপসাগরীয় দেশগুলো দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ওমান, তুরস্ক এবং মিসরও এই উত্তেজনা প্রশমনে কাজ করছে বলে জানা গেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপদ পথ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংঘাতের এই আবহে মধ্যপ্রাচ্যে সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনী তেহরানজুড়ে ইরানের অবকাঠামো লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে। অন্যদিকে, ইরান হুমকি দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি অবকাঠামোতে আঘাত করে, তবে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশই ইরানি নাগরিক। বিশ্বজুড়ে তেলের বাজার ও অর্থনৈতিক স্থিতিশীলতা এখন এই ৫ দিনের সময়সীমা এবং সম্ভাব্য আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে।

আরও