লাইভ

সৌদি আরবে ড্রোন হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই: আইআরজিসি

ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের মতো দেশগুলো তাদের নিজেদের স্বার্থেই সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে। ট্রাম্পের এই আহ্বানের প্রেক্ষাপটে ইরানের সামরিক মুখপাত্র কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট বা মার্কিন স্বার্থ রক্ষা করছে এমন যেকোনো অঞ্চলের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

১৬ আপডেট
  • ১৫ মার্চ, ২০২৬

    কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ব্যবস্থার ক্ষতি

    কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের রাডার ব্যবস্থার ক্ষতি হয়েছে।

    মন্ত্রণালয় আরো জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী আরো পাঁচটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

    সূত্র- আল জাজিরা

  • ১৫ মার্চ, ২০২৬

    পশ্চিম ইরানে আইআরজিসি ও বাসিজ কমান্ড সেন্টারে ইসরায়েলি হামলার দাবি

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী পশ্চিম ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তারা জানিয়েছে, এ হামলায় রিভলিউশনারি গার্ডস এবং বাসিজ ইউনিটের বেশ কয়েকটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ইসরায়েলি সেনাবাহিনীর মতে, স্থাপনাগুলো ইসরায়েল এবং অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও হামলার পরিকল্পনা করার কাজে ব্যবহৃত হতো।

    সূত্র- আল জাজিরা

  • ১৫ মার্চ, ২০২৬

    কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

    কুয়েতে অবস্থিত ইতালিযর একটি সামরিক ঘাঁটিতে একটি ড্রোন আঘাত হেনেছে। ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ব্যবহৃত হয় বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

    বার্তা সংস্থা এএফপি একটি প্রতিবেদনে কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    সূত্র- আল জাজিরা

  • ১৫ মার্চ, ২০২৬

    দক্ষিণ লেবাননের সিদনে ইসরায়েলি হামলায় হামাস কর্মকর্তা নিহত: গণমাধ্যম

    দক্ষিণ লেবাননের সিদনে ইসরায়েলি হামলায় উইসাম তাহা নামে এক হামাস কর্মকর্তা নিহত হয়েছেন। ফিলিস্তিনি এ গোষ্ঠীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

    ওই সূত্রটি জানায়, সিদনের উত্তরাঞ্চলীয় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে হামলার খবর রাষ্ট্রীয় গণমাধ্যমে আসার পরই তাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    সূত্র- আল জাজিরা

  • ১৫ মার্চ, ২০২৬

    ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৬টি ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তারা সফলভাবে প্রতিহত করেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৬টি ড্রোন ভূপাতিত করেছে।

    বিবৃতিতে আরো বলা হয়, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত দেশটির প্রতিরক্ষা বাহিনী মোট ২৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬০৬টি ড্রোন প্রতিহত করেছে।

    সূত্র- আল জাজিরা

  • ১৫ মার্চ, ২০২৬

    মধ্যপ্রাচ্য সংকটের কারণে কাতার গ্র্যান্ড প্রিক্স স্থগিত

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আগামী মাসে অনুষ্ঠেয় কাতার গ্র্যান্ড প্রিক্স স্থগিত করা হয়েছে। মোটোজিপির নিয়ন্ত্রক সংস্থা আজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আগামী এপ্রিলে নির্ধারিত কাতার গ্র্যান্ড প্রিক্স পিছিয়ে ৮ নভেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, লুসাইল ইন্টারন্যাশনাল সার্কিটে ২০২৬ চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড আগামী ১০-১২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা এখন নভেম্বরে সরিয়ে নেয়া হয়েছে। একই সঙ্গে ফর্মুলা ওয়ান এবং এর নিয়ন্ত্রক সংস্থা এফআইএ জানিয়েছে, এপ্রিল মাসে বাহরাইন এবং সৌদি আরবে নির্ধারিত গ্র্যান্ড প্রিক্স রেসগুলোও অনুষ্ঠিত হবে না।

    সূত্র- আল জাজিরা

  • ১৫ মার্চ, ২০২৬

    বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইসরায়েলের

    ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা গত শনিবার লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের বেশ কিছু কমান্ড সেন্টার ধ্বংস করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, দক্ষিণ লেবাননের আল-কাতরানি এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি রকেট উৎক্ষেপণ কেন্দ্রেও তারা হামলা চালিয়েছে।

    সূত্র- আল জাজিরা

  • ১৫ মার্চ, ২০২৬

    ইরাকে নিহত মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ

    ইরাকে রিফুয়েলিং বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। নিহতরা হলেন-মেজর জন এ ক্লিনার (৩৩), ক্যাপ্টেন এরিয়ানা জি সাভিনো (৩১), টেকনিক্যাল সার্জেন্ট অ্যাশলি বি প্রুইট (৩৪), ক্যাপ্টেন সেথ আর কোভাল (৩৮), ক্যাপ্টেন কার্টিস জে অ্যাংস্ট (৩০), টেকনিক্যাল সার্জেন্ট টাইলার এইচ সিমন্স (২৮)।

    এ দুর্ঘটনার তদন্ত চলার কথা জানিয়েছে প্রতিরক্ষা দপ্তর। সবমিলিয়ে ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের নিহতের সংখ্যা অন্তত ১৩ জনে পৌঁছেছে, যার মধ্যে অন্য ৭ জন যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। পেন্টাগনের তথ্য অনুযায়ী, প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছে, যার মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।

  • ১৫ মার্চ, ২০২৬

    ইসরায়েলের পুলিশ সদর দফতর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে হামলার দাবি ইরানের

    ইরানের সেনাবাহিনী দেশটির সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে তারা ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট 'লাহাভ ৪৩৩'-এর সদর দফতর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। তবে লক্ষ্যবস্তুগুলোর সুনির্দিষ্ট অবস্থান কিংবা হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    সূত্র- আল জাজিরা

  • ১৫ মার্চ, ২০২৬

    সৌদি আরবে ড্রোন হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই: আইআরজিসি

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, সৌদি আরবের রিয়াদে ও পূর্বাঞ্চলীয় প্রদেশে সম্প্রতি যে ড্রোন হামলা হয়েছে তার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। সৌদি আরব জানিয়েছে, ১০টি ড্রোন রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্যস্থল করেছে আর তাদের বিমান প্রতিরক্ষা সেগুলোকে বাধা দিয়ে ধ্বংস করেছে।

    রোববার আইআরজিসির জনসংযোগ দপ্তর পরিষ্কার করে জানিয়েছে, কথিত ওই হামলার সঙ্গে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কোনো সম্পর্ক নেই। তারা সৌদি সরকারের প্রতি ওই হামলার উৎস খুঁজে দেখার আহ্বান জানিয়েছে।

  • ১৫ মার্চ, ২০২৬

    সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

    সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যে আঘাত হানার আগেই রিয়াদের আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। রোববার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদ মহানগর এলাকায় চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব ক্রমাগত ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থান, সামরিক স্থাপনা এবং জনবসতিপূর্ণ এলাকাগুলোকে বেছে নেয়া হয়েছে।

  • ১৫ মার্চ, ২০২৬

    মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

    সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

    সূত্র: গলফ নিউজ

  • ১৫ মার্চ, ২০২৬

    নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার আইআরজিসির

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার তাদের নিজস্ব ওয়েবসাইট 'সেপাহ নিউজ'-এ প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুকে ইঙ্গিত করে এই বাহিনী বলেছে, ‘যদি এই শিশু হত্যাকারী বেঁচে থাকে, তবে আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে তার পিছু নেব এবং তাকে খুঁজে বের করে হত্যা করব।‘

    দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বর্তমান শাসনামলের অবসানের আহ্বান জানিয়ে এই সংঘাতের সূচনা করেছিলেন। যুদ্ধের প্রথম দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছেন।

    এর আগে চলতি সপ্তাহে নেতানিয়াহু এক অস্পষ্ট হুমকি দিয়েছিলেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কী পদক্ষেপ নিতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমি কোনো সন্ত্রাসী সংগঠনের নেতার জন্যই জীবন বীমা পলিসি ইস্যু করব না।‘

    সূত্র: দ্য গার্ডিয়ান

  • ১৫ মার্চ, ২০২৬

    মার্কিন ঘাঁটিতে ৫ দফা হামলার দাবি ইরাকি গোষ্ঠীর

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এবং নিজেদের যোদ্ধাদের মৃত্যুর প্রতিশোধ নিতে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় পাঁচ দফা ভয়াবহ হামলা চালিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী 'সারাউয়া আউলিয়া আল-দাম'। শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হত্যাকাণ্ডের জবাব দিতেই তারা এই হামলাগুলো পরিচালনা করেছে।

    হামলার শিকার স্থানগুলোর মধ্যে রয়েছে উত্তর ইরাকের এরবিল শহরে অবস্থিত একটি মার্কিন সাইট এবং বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া বেস। গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনাটি ঘটল, যা এই অঞ্চলে মার্কিন উপস্থিতি ও নিরাপত্তার ওপর নতুন করে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

  • ১৫ মার্চ, ২০২৬

    ইরানকে ‘শাহেদ’ ড্রোন দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহারের জন্য ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া। গতকাল শনিবার প্রকাশিত সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    সিএনএনের ফরিদ জাকারিয়াকে জেলেনস্কি বলেন, এটি ‘শতভাগ সত্য’ যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। এ অঞ্চলের অন্যান্য দেশে চালানো হামলার সঙ্গেও শাহেদ ড্রোনের যোগসূত্র পাওয়া গেছে। তবে এসব ড্রোনের প্রস্তুতকারক কারা, তা সবসময় স্পষ্ট নয়।

    মূলত ইরানই প্রথম এ শাহেদ ড্রোন তৈরি করে, যা ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সাশ্রয়ী। ইউক্রেনের দাবি, ২০২২ সাল থেকে রাশিয়ার ইউক্রেন আক্রমণে এই ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা যায়। তখন থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন উৎক্ষেপণ করেছে।

    শুরুতে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও এখন রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করছে। এরইমধ্যে, মার্কিন সেনাবাহিনীসহ অন্য দেশের সশস্ত্র বাহিনীও শাহেদ ঘরানার ড্রোন গ্রহণ করেছে।

  • ১৫ মার্চ, ২০২৬

    ‘মজা করার জন্য’ খার্গ দ্বীপে আবারও হামলা করতে পারেন ট্রাম্প

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্র আরো হামলা চালাতে পারে। ‘শুধু মজা করার জন্যও’ এমন হামলা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

    শনিবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় খার্গ দ্বীপের বেশিরভাগ স্থাপনা ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। তবে তিনি বলেন, সংঘাত শেষ করতে ইরান আলোচনায় আগ্রহ দেখালেও তাদের প্রস্তাবিত শর্ত ‘যথেষ্ট ভালো নয়’।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে আরো বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক ও কূটনৈতিক নেতৃত্ব জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো স্থাপনা বা অবকাঠামোকে তারা লক্ষ্যবস্তু করতে পারে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে সমর্থন জানিয়ে ‘অনেক দেশ’ যুদ্ধজাহাজ পাঠাতে পারে। খবর রয়টার্স।

যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে পরিস্থিতির নতুন মোড় হিসেবে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিত্র দেশগুলোর প্রতি সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই পথটি যুদ্ধ শুরুর পর থেকেই ইরান কার্যত বন্ধ করে রেখেছে। এতে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এ পরিস্থিতিতে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রণালীটি উন্মুক্ত ও নিরাপদ করতে বদ্ধপরিকর এবং তিনি আশা প্রকাশ করেছেন যে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের মতো দেশগুলো তাদের নিজেদের স্বার্থেই সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে।

ট্রাম্পের এই আহ্বানের প্রেক্ষাপটে ইরানের সামরিক মুখপাত্র কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট বা মার্কিন স্বার্থ রক্ষা করছে এমন যেকোনো অঞ্চলের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ আমিরাতে তেল লোডিং কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে এবং ইরানের সামরিক বাহিনী আমিরাতের জনগণকে বন্দর ও মার্কিন ঘাঁটিগুলোর কাছাকাছি অবস্থান না করার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে, মার্কিন বাহিনী ইরানের প্রধান তেল রফতানিকেন্দ্র খার্গ দ্বীপে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, এই দ্বীপে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে, তবে হরমুজ প্রণালীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন তিনি।

আরও