হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৬ জনে দাঁড়িয়েছে। আজ রোববার স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। গত বুধবার উত্তরাঞ্চলীয় জেলা তাই পো’তে আগুন লাগার পর প্রায় দুদিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১৯৮০ সালের পর বিশ্বে ও ১৯৪৮ সালের পর হংকংয়ে কোনো আবাসিক কমপ্লেক্সে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা এটি। খবর এএফপি।
জানা গেছে, শনিবার ১২৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও ডিজাস্টার ভিকটিম শনাক্তকরণ ইউনিট ওয়াং ফুক কোর্টের তিনটি বহুতল ভবনে অনুসন্ধান চালিয়ে আরো মরদেহ উদ্ধার করে।
আজ বিকালে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ অনুসন্ধান ইউনিটের চিফ সুপারিনটেনডেন্ট স্যাং শুক-ইন জানান, স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৬ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, নিহতের সংখ্যা বাড়ার শঙ্কা এখনো কাটেনি।
অগ্নিকাণ্ডের কারণ তদন্তে একটি আন্তঃবিভাগীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে তিনজনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
হংকংয়ে অবস্থিত ইন্দোনেশীয় কনস্যুলেট জানায়, অগ্নিকাণ্ডে সাতজন ইন্দোনেশীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। ম্যানিলার কনস্যুলেট জানায়, একজন ফিলিপিনো প্রবাসী শ্রমিকও মারা গেছেন।
এ ঘটনার পর হংকংয়ের বিল্ডিংস ডিপার্টমেন্ট শহরের ৩০টি বেসরকারি ভবন নির্মাণ প্রকল্পের কাজ সাময়িক স্থগিতের নির্দেশ দিয়েছে।