পাকিস্তানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চাপিয়ে দেয়ার অভিযোগ তালেবান সরকারের, আলোচনার আহ্বান

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা কেবল আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করেছি এবং কখনও কাউকে আক্রমণ করিনি। আমরা সর্বদা একটি শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছি, এবং আমরা এখনো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই।

পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আফগানিস্তানের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সেইসঙ্গে সমস্যা সমাধানে আলোচনার আহ্বানও জানিয়েছেন তিনি। খবর বিবিসি।

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, প্রতিবেশী দেশসহ বিশ্বের সব দেশের সঙ্গে আফগানিস্তান ভালো এবং ইতিবাচক সম্পর্ক চায়। আফগানিস্তানের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না এবং আজও এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করেই আমাদের পররাষ্ট্র নীতি এবং আমরা কারো প্রতি শত্রুতার পথ নিতে চাই না।

তালেবান সরকারের এ মুখপাত্র বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্পূর্ণরূপে তাদের দেশের বিষয় এবং এটি নতুন কিছু নয়। প্রায় বিশ বছর ধরে, পাকিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। ২০০৭ সালে টিটিপি পাকিস্তানে তাদের উপস্থিতি ঘোষণা করে, এরপর থেকে পাকিস্তান সেখানে একাধিক সামরিক অভিযান পরিচালনা করেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ২০১৪ সালের অপারেশন জারব-ই-আজব।

তিনি বলেন, তালেবানরা প্রায় চার বছর ধরে আফগানিস্তানে ক্ষমতায় আছে। তাই পাকিস্তানের এখন তাদের পুরনো এবং ঘরোয়া সমস্যা আফগানিস্তানের ওপর চাপিয়ে দেয়ার কোনো অর্থ নেই।

তিনি অভিযোগ করেন, তারা বেশ কয়েকবার সীমা অতিক্রম করেছে, আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলা চালিয়েছে। নিরীহ বেসামরিক নাগরিক, শিশু এবং মহিলাদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যা আন্তর্জাতিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন।

অতীতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েও পাকিস্তান তা ভঙ্গ করেছে বলে দাবি করেন তালেবান সরকারের মুখপাত্র। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা কেবল আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করেছি এবং কখনও কাউকে আক্রমণ করিনি। আমরা সর্বদা একটি শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছি, এবং আমরা এখনো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই।

আরও