ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ৮০ বছর বয়সী এই সাবেক নেতা তার ঘোষিত ‘মাদকবিরোধী যুদ্ধ’-এর জেরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত হয়েছেন। খবর বিবিসি।
অভিযোগপত্রে বলা হয়েছে, দুতার্তে ডজনখানেক হত্যাকাণ্ডের সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিলেন। তাকে অপরাধের পরোক্ষ সহ-অভিনেতা বলছে আইসিসি। আদালতের ভাষ্য অনুযায়ী, পুলিশসহ অন্যদের মাধ্যমে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযোগপত্রটি এ বছরের জুলাই মাসের হলেও সোমবার তা প্রকাশ করা হয়।
প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে দাভাও শহরে মেয়র থাকা অবস্থায় অন্তত ১৯ জনকে হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। পরবর্তী দুটি অভিযোগ তার প্রেসিডেন্ট থাকার সময়কালকে ঘিরে—২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে চালানো মাদকবিরোধী অভিযানে। দ্বিতীয় অভিযোগে দেশজুড়ে ১৪ জন ‘হাই-ভ্যালু টার্গেট’ হত্যার বিষয়টি উল্লেখ আছে। আর তৃতীয় অভিযোগে বলা হয়েছে, গ্রামীণ এলাকায় অভিযানের সময় ৪৫ জনকে হত্যা বা হত্যার চেষ্টা করা হয়েছে।
চলতি বছরের মার্চ থেকে আইসিসি আদালতে আটক আছেন রদ্রিগো দুতার্তে। ছবি: আইসিসি
আইসিসি প্রসিকিউটররা অভিযোগ করেছেন, দুতার্তে ও তার সহযোগীরা মিলে ফিলিপাইনে অপরাধীদের—বিশেষত যাদের মাদক সেবন, বিক্রি বা উৎপাদনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হতো—সহিংস উপায়ে নির্মূল করার পরিকল্পনা করেছিলেন।
দুতার্তে কখনো তার কঠোর মাদকবিরোধী অভিযানের জন্য দুঃখ প্রকাশ করেননি। সরকারি হিসাব অনুযায়ী, এই অভিযানে ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, প্রকৃত সংখ্যা কয়েকগুণ বেশি। দুতার্তের দাবি, তিনি দেশকে অপরাধমুক্ত করতেই মাদকবিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন।
এশিয়ার কোনো সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে দুতার্তেই প্রথম আইসিসি কর্তৃক অভিযুক্ত হলেন। চলতি বছরের মার্চ থেকে তিনি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে আটক রয়েছেন। তবে তার আইনজীবী জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে দুতার্তে বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে সক্ষম নন।
এদিকে, কারাগারে বন্দি থাকলেও চলতি বছরের মে মাসে তিনি আবারও দাভাও শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। তার ছেলে সেবাস্তিয়ান বর্তমানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুতার্তের সমর্থকরা অভিযোগ করেছেন, বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে আইসিসিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।