যাজকের স্মৃতিচারণ

গাজায় প্রতিদিন ফোন করতেন পোপ, কথা হয়েছে মৃত্যুর আগের দিনও

গাজার ল্যাটিন-রাইট চার্চ অব দ্য হোলি ফ্যামিলির যাজক ফাদার গ্যাব্রিয়েল রোমানেল্লি বলেন, ‘গত দেড় বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন আমাদের খবর নিতেন পোপ। নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন তিনি।'

প্রয়াত পোপ ফ্রান্সিস গাজার একটি ক্যাথলিক চার্চে প্রতিদিন ফোন করতেন, যা তার মানবিকতা ও দায়বদ্ধতার একটি নিদর্শন হিসেবে দেখছেন সেখানকার যাজকরা। গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশে তিনি এ প্রচেষ্টা চালিয়ে গেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত। খবর বিবিসি।

৮৮ বছর বয়সে স্ট্রোক ও তার পরবর্তী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে বলে ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়েছে। প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে দায়িত্ব পালনকারী ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বিবিসি নিউস আওয়ারে দেয়া এক সাক্ষাৎকারে গাজার ল্যাটিন-রাইট চার্চ অব দ্য হোলি ফ্যামিলির যাজক ফাদার গ্যাব্রিয়েল রোমানেল্লি বলেন, ‘গত দেড় বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন আমাদের খবর নিতেন পোপ। নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। মাঝে মাঝে কিছু আরবি শব্দও শিখে আমাদের সঙ্গে বলতেন।‘

‘শেষবার তার সঙ্গে কথা হয়েছে শনিবার,’ বলেন রোমানেল্লি। ‘তিনি আমাদের ফোন করে আশীর্বাদ দেন এবং আমাদের পক্ষ থেকে তার জন্য প্রার্থনা করায় ধন্যবাদ জানান।‘

ফাদার রোমানেল্লি আরো বলেন, ‘এখানে বেঁচে থাকা সহজ নয়। তাই একজন যাজক হিসেবে যখন দেখেছি পোপ নিজে আমাদের পাশে আছেন, সেটা ছিল আমাদের জন্য প্রভুর দয়ার এক অত্যন্ত স্পষ্ট ও শক্তিশালী চিহ্ন—যা আমাদের সাহস দিয়েছে, উৎসাহ দিয়েছে। আমরা যেন প্রভুর চার্চে সেবা করে যেতে পারি, সেটাই ছিল তার বার্তা।‘

গাজা উপত্যকায় চলমান সংঘর্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যেও পোপ ফ্রান্সিসের এই অবিচল যোগাযোগ এবং সহানুভূতির বার্তা বিশ্বব্যাপী ধর্মীয় সংহতির অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও