পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় একদিনে নিহত ৬৩, জরুরি অবস্থা ঘোষণা

পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত ১৮০ জন প্রাণ হারিয়েছেন। যার অর্ধেকেরও বেশি শিশু।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা ভারি বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ২৯০ জন। বুধবার সকালে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। খবর বিবিসি।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, প্রায় সব মৃত্যুই হয়েছে বাড়িঘর ধসে পড়ায়, বাকিরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী ফুলে-ফেঁপে ওঠায় তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বৃহস্পতিবার জানিয়েছেন, প্রদেশের একাধিক এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। সবাইকে অনুরোধ করছি নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে।’

জুন থেকে শুরু হওয়া চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত দেশজুড়ে মৃতের সংখ্যা প্রায় ১৮০-তে পৌঁছেছে। যার অর্ধেকেরও বেশি শিশু। বন্যার কারণে পাঞ্জাবজুড়ে একাধিক এক্সপ্রেসওয়ে বন্ধ হয়ে গেছে। বাতিল বা বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট । এছাড়া চাকওয়াল শহরে গত ২৪ ঘণ্টায় ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে টহল দিচ্ছে সামরিক হেলিকপ্টার।

পাঞ্জাব প্রশাসন জানিয়েছে, সপ্তাহজুড়ে আরো বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। পুরো প্রদেশজুড়ে হাজার হাজার উদ্ধারকর্মীকে জরুরি ভিত্তিতে নিয়োজিত রাখা হয়েছে।

আরও