গুগলের পর ম্যাপে ‘লেক অন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ করল অ্যাপল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধের পর দেশটির ব্যবহারকারীদের জন্য ম্যাপ অ্যাপে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। খবর আল জাজিরা।

স্থানীয় সময় মঙ্গলবার অ্যাপল ম্যাপে এই পরিবর্তন আনা হয়। একই দিন অ্যাপলের নির্বাহী জন টার্নাস প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেন।

ট্রাম্পের বিতর্কিত নির্বাহী আদেশ মেনে দ্বিতীয় বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে এ পদক্ষেপ নিয়েছে অ্যাপল। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নিজেদের ম্যাপে লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করে গুগল।

যদিও নির্বাহী আদেশের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে ভৌগোলিক নাম পরিবর্তনের নির্দেশ দেয়া যায় না। তাই আদেশটির আওতায় মূলত যুক্তরাষ্ট্রের ‘জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেম’-এ পরিবর্তন আনা হয়েছে। এটি ভৌগোলিক স্থানের নামের সরকারি মান নির্ধারণে ব্যবহৃত একটি তথ্যভান্ডার। গুগলসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের ম্যাপ তৈরিতে এই সরকারি তথ্যব্যবস্থা অনুসরণ করে।

তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, সরকারি অনুমোদন ও চুক্তির ওপর নির্ভরশীল বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নাম পরিবর্তনে রাজি করাতে ট্রাম্প নিজেই সরাসরি উদ্যোগ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম সোমবার ফক্স নিউজকে বলেন, গত সপ্তাহে ট্রাম্প সরাসরি অ্যাপলের সঙ্গে যোগাযোগ করে অ্যাপল ম্যাপে লেকটির নাম পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলেন।

এর আগেও ট্রাম্পের নির্দেশিত ভৌগোলিক নাম পরিবর্তন অনুসরণ করেছে অ্যাপল। এর মধ্যে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ এবং আলাস্কার ডেনালি পর্বতের নাম পরিবর্তন করে ‘মাউন্ট ম্যাককিনলি’ করার সিদ্ধান্তও রয়েছে। তবে লেক অন্টারিওর নাম পরিবর্তনের ক্ষেত্রে তারা গুগলের মতো একই নীতি অনুসরণ করছে কি না, তা স্পষ্ট নয়।

শনিবার এক বিবৃতিতে গুগল জানায়, তাদের ম্যাপে ‘সরকারি সূত্রে’ তালিকাভুক্ত নাম ব্যবহার করা হয়। ফলে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ‘লেক আমেরিকা’, কানাডার ব্যবহারকারীরা ‘লেক অন্টারিও’ এবং অন্যান্য দেশের ব্যবহারকারীরা দুটি নামই দেখতে পাচ্ছেন।

তবে ট্রাম্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নেয়নি সব ডিজিটাল ম্যাপ প্রতিষ্ঠান। ১৯৯০ ও ২০০০-এর দশকে জনপ্রিয় ম্যাপিং ওয়েবসাইট ম্যাপকোয়েস্ট এক ভাইরাল পোস্টে বিষয়টির প্রতিবাদ করে লিখেছে, ‘আপনার ইচ্ছামতো যে নাম খুশি সেটিই দিন।’

এদিকে, ম্যাপকোয়েস্টের স্মার্টফোন অ্যাপটি বর্তমানে অ্যাপলের অ্যাপ স্টোরে শীর্ষস্থানীয় ফ্রি অ্যাপগুলোর একটি হিসেবে উঠে এসেছে।

ট্রাম্পের লেক অন্টারিওর নাম পরিবর্তনের উদ্যোগের সময় যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কও ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ‘লেক আমেরিকা’ নামের নির্বাহী আদেশ জারির কিছুদিন আগে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। এর পর কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। জবাবে একই মূল্যের মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা।

আরও