মেয়েকে নিয়ে জমকালো এক অনুষ্ঠানে হাজির হয়ে
জল্পনা উস্কে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ধারণা করা হচ্ছে, ক্ষমতাবলয়ের
সঙ্গে নিজের উত্তরসূরিকে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি। খবর সিএনএন।
বলা হয়ে থাকে, নয় বছর বয়সী জু অ্যায় নামের
ওই শিশুটি কিমের দ্বিতীয় সন্তান।
গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কোরিয়ান পিপলস
আর্মির (কেপিএ) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সপরিবারে উপস্থিত ছিলেন কিম।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ)
তথ্য অনুযায়ী, জু অ্যায়কে কিমের চূড়ান্ত উত্তরসূরি হিসেবে তৈরি করা হচ্ছে।
এক ভিডিওতে দেখা গেছে, মেয়েটি বাবা ও মায়ের
পাশে হাঁটছে। অনুষ্ঠানস্থলে তাদের প্রবেশ মুহূর্তে করতালি দিয়ে অভিবাদন জানান সামরিক
কর্মকর্তারা। ভোজসভায় জু অ্যায়ের স্থান হয় কিম ও তার স্ত্রীর মাঝখানে।
সিউলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ-এরিক
ইজলি বলছেন, কিম পরিবার ও সামরিক বাহিনী উভয়ই শক্তিশালী। সেখানে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে
মেয়েটির উপস্থিতি একটি স্পষ্ট ইঙ্গিত দেয়।
এর আগে গত নভেম্বরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র পরীক্ষার আয়োজনে মেয়েকে নিয়ে হাজির হন কিম। বিষয়টি তখনো বিশ্ব গণমাধ্যমে
আলোচনায় আসে।