যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগেই পাইলট সফল ইজেক্ট করতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচেছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে মার্কিন মেরিন কোর। খবর আল জাজিরা।
সান দিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে গতকাল যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। মেরিন কোরের এক বিবৃতিতে বলা হয়েছে, পাইলট নিরাপদে বেরিয়ে এসে বর্তমানে চিকিৎসা এবং তার অবস্থা স্থিতিশীল।
সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। সেখানে সামরিক ও ফায়ার সার্ভিসের যানবাহন প্রস্তুত রয়েছে এবং অগ্নিনির্বাপক ফেনা দিয়ে আগুন নেভানোর কাজ চলছে।
স্যান ডিয়েগো ফায়ার সার্ভিসের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানান, দুর্ঘটনা থেকে যেন আশপাশে দাবানল না ছড়ায় সে ব্যবস্থা নেয়া হয়েছে।
যে মিরামার ঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটেছে, তা একসময় নৌবাহিনীর বিখ্যাত প্রশিক্ষণ কেন্দ্র ছিল। মূল ‘টপ গান’ চলচ্চিত্রে ঘাঁটিটি ‘ফাইটারটাউন ইউএসএ’ নামে পরিচিত। পরবর্তীতে ১৯৯৬ সালে এ প্রশিক্ষণ কেন্দ্রটি নেভাদায় স্থানান্তর করা হয়।
সরকারি হিসাব অনুযায়ী, মার্কিন বহরে বর্তমানে ৬৩০টির বেশি এফ-৩৫ জেট রয়েছে। স্বল্প দূরত্বে উড্ডয়ন ও লম্বালম্বি অবতরণে সক্ষম এই বিশেষ উড়োজাহাজের প্রতিটির মূল্য প্রায় ১০ কোটি ৯০ লাখ ডলার। ভবিষ্যতে ১ হাজার ৮০০টির বেশি বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রায় ২ লাখ কোটি ডলার ব্যয়ের প্রাক্কলন রয়েছে।
তথ্য সংস্থাসমূহের হিসাব অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে এটিসহ অন্তত ৭টি সামরিক বিমান দুর্ঘটনা ঘটলো। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল গত জুনে মোজাভে মরুভূমিতে বি-৫২ বোমারু বিমান দুর্ঘটনা, যাতে ভেতরে থাকা আটজনই নিহত হন।