যৌন কেলেঙ্কারি ও সরকারি পদে থেকে অসদাচরণের গুরুতর অভিযোগে বিদ্ধ অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে (সাবেক প্রিন্স অ্যান্ড্রু) ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। প্রতিরক্ষা মন্ত্রী লিউক পোলার্ড জানিয়েছেন, এই পদক্ষেপ নেয়া এখন ‘সঠিক কাজ’ এবং এ বিষয়ে বাকিংহাম প্যালেসের সঙ্গে সরকারের আলোচনা চলছে। খবর বিবিসি।
যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু উত্তরাধিকার তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। তবে গত অক্টোবরে জেফরি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক প্রকাশের জেরে অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কেড়ে নেয়া হয়। সম্প্রতি 'পাবলিক অফিসে অসদাচরণের' অভিযোগে ১১ ঘণ্টা পুলিশি হেফাজতে থাকার পর তাকে মুক্তি দেয়া হয়েছে।
প্রিন্স অ্যান্ড্রুকে রাজকীয় উত্তরাধিকার থেকে বাদ দেয়ার জন্য সরকারের প্রস্তাবিত পদক্ষেপের মূল দিকগুলোর মধ্যে রয়েছে আইনি প্রক্রিয়া। উত্তরাধিকার থেকে কাউকে বাদ দিতে হলে পার্লামেন্টে বিশেষ আইন পাস করতে হবে। ১৯৩৬ সালে রাজা অষ্টম এডওয়ার্ডের পর এমন ঘটনা আর ঘটেনি।
এছাড়া, এই আইন কার্যকর করতে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডসহ ১৪টি কমনওয়েলথ দেশের সমর্থন প্রয়োজন হবে।
সে সঙ্গে, উত্তরাধিকার তালিকা থেকে বাদ পড়লে প্রিন্স অ্যান্ড্রু 'কাউন্সেলর অব স্টেট' হিসেবে রাজার অনুপস্থিতিতে দায়িত্ব পালনের সুযোগও চিরতরে হারাবেন।
বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট এবং এসএনপি সরকারের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। তবে লেবার পার্টির কেউ কেউ মনে করছেন, অ্যান্ড্রুর রাজা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য হওয়ায় এই আইনের প্রয়োজনীয়তা কম। অন্যদিকে, বর্তমানে উইন্ডসর ক্যাসলে তার বাসভবনে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ।