১ ভোটের ব্যবধানে সিনেটে পাস ট্রাম্পের বিল, হাউসে বাকি চূড়ান্ত লড়াই

'এটি শিশুদের মুখ থেকে খাবার কেড়ে নেয়ার আইন।‘

এই বিল ট্রাম্পের ২০১৭ সালের করছাড় মেয়াদ বাড়াবে, অতিরিক্ত আয়ের উৎস যেমন টিপস ও ওভারটাইমের ওপর নতুন করছাড় দেবে এবং সামরিক ও অভিবাসন খাতে ব্যয় বাড়াবে। অন্যদিকে, এটি মেডিকেইড ও দরিদ্রদের খাদ্য সহায়তা কর্মসূচি থেকে প্রায় ৯৩০ বিলিয়ন ডলার কাটবে।

যুক্তরাষ্ট্র সিনেটের রিপাবলিকানরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত-সমালোচিত ‘বিগ ওয়ান্ডারফুল বিল’ পাস করেছে। মঙ্গলবার (১ জুলাই) ১ ভোটের ব্যবধানে প্রস্তাবিত ব্যাপক করছাড় ও ব্যয় বিল পাস করা হয়। এই বিল সামাজিক নিরাপত্তা খাতে বড় রকমের কাটছাঁট, সামরিক ও অভিবাসন খাতে বরাদ্দ বৃদ্ধি এবং জাতীয় ঋণে অতিরিক্ত ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার যোগ করবে। খবর রয়টার্স।

এই আইন এখন চূড়ান্ত অনুমোদনের জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে। তবে হাউসের কিছু রিপাবলিকান এরইমধ্যে সিনেটের কিছু ধারার বিরোধিতা করেছেন। বিলটিতে স্বাক্ষর করে ৪ জুলাই স্বাধীনতা দিবসের আগেই তা আইনে পরিণত করতে চান ট্রাম্প। হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, এই সময়সীমা পূরণের লক্ষ্যেই কাজ করছেন তিনি।

এই বিল ট্রাম্পের ২০১৭ সালের করছাড় মেয়াদ বাড়াবে, অতিরিক্ত আয়ের উৎস যেমন টিপস ও ওভারটাইমের ওপর নতুন করছাড় দেবে এবং সামরিক ও অভিবাসন খাতে ব্যয় বাড়াবে। অন্যদিকে, এটি মেডিকেইড ও দরিদ্রদের খাদ্য সহায়তা কর্মসূচি থেকে প্রায় ৯৩০ বিলিয়ন ডলার কাটবে। সে সঙ্গে, সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সবুজ জ্বালানি প্রণোদনার অনেকগুলো বাতিল করবে এই বিল।

এই আইন মার্কিন ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার বাড়াবে। কংগ্রেসকে আগামী মাসগুলোতে এই ঋণসীমা বাড়াতেই হবে। নয়তো দেশকে অর্থনৈতিক দেউলিয়াত্বের মুখোমুখি হতে হবে।

সিনেটে ৫১-৫০ ভোটে বিলটি পাস করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সমতা ভাঙা ভোট দিয়ে এটি অনুমোদিত করেন। সব ডেমোক্র্যাটদের সঙ্গে তিনজন রিপাবলিকান — থম টিলিস (নর্থ ক্যারোলিনা), সুসান কলিন্স (মেইন) ও র‍্যান্ড পল (কেন্টাকি) এই বিলের বিরুদ্ধে ভোট দেন।

হাউসে রিপাবলিকানদের ২২০-২১২ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ভোট খুবই কাছাকাছি হতে পারে। হাউসের নিয়ম কমিটিতে বুধবার বিলটি তোলা হবে বলে জানিয়েছেন স্পিকার জনসন, এবং বৃহস্পতিবারের মধ্যে এটি পুরো হাউসে উত্থাপন করার পরিকল্পনা রয়েছে। তবে ওয়াশিংটনে ঝড়বৃষ্টির কারণে ভ্রমণ বিঘ্নিত হলে তা পিছিয়ে যেতে পারে।

ট্রাম্প এক অনুষ্ঠানে বলেছেন, "এটি দারুণ একটি বিল, সবার জন্য কিছু না কিছু রয়েছে। আমি নিশ্চিত হাউসে এটি ভালোভাবেই পাস হবে।"

ফ্রিডম ককাসের রিপাবলিকানরা বেশি ব্যয়বহুল বলে বিলটির সমালোচনা করছেন। কংগ্রেসম্যান চিপ রয় বলেন, অনেক সদস্য এই বিল নিয়ে উদ্বিগ্ন।

আরো এক পক্ষের আপত্তি রয়েছে এই বিল নিয়ে। নিম্ন আয়ের এলাকার প্রতিনিধিত্ব করা মধ্যপন্থী রিপাবলিকানরা মেডিকেইড কাটছাঁটে বিরক্ত। উচ্চ করযুক্ত রাজ্যের (নিউইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া) কিছু রিপাবলিকান রাজ্যের করের ওপর অতিরিক্ত করছাড় না থাকায় বিরোধিতা করছেন।

এমনকি বিলিয়নিয়ার ইলন মাস্কও বিলটির বিশাল ব্যয় নিয়ে সমালোচনা করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই বিলকে সমর্থন করা রিপাবলিকানদের বিরুদ্ধে আগামী নির্বাচনে তিনি প্রার্থীদের সমর্থন দেবেন।

ডেমোক্র্যাটরা একযোগে বিলটির বিরোধিতা করছেন। হাউসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বলেন, ‘এটি আমেরিকান স্বাস্থ্যসেবার ওপর সবচেয়ে বড় হামলা। এটি শিশুদের মুখ থেকে খাবার কেড়ে নেয়ার আইন।‘

আরও