নেপালে রাজতন্ত্রপন্থী বিক্ষোভের জেরে ২ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ফলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের ১ জন ফটো সাংবাদিক।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন রয়েছে। রাজধানী কাঠমান্ডুর কিছু অংশে কারফিউ জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা একাধিক ভবন ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। খবর কাঠমান্ডু পোস্ট।
রাজধানীর বানেশ্বর-তিনকুনে এলাকায় শনিবার (২৯ মার্চ) সকাল ৭টা পর্যন্ত পর্যন্ত কারফিউ থাকবে। এর আগে শুক্রবার বিকাল ৪টা ২৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়।
বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে বিক্ষোভকারীদের পাশাপাশি বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীও আহত হন। বিক্ষোভকারীরা ব্যক্তিগত বাড়ি, দোকান, মিডিয়া হাউস, রাজনৈতিক দলের অফিস এবং সরকারি সম্পত্তিতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।
এরপর কাঠমান্ডু জেলা প্রশাসন বানেশ্বর-তিনকুনে এবং আশেপাশের এলাকায় কারফিউ জারি করে। এ আদেশের অধীনে নির্ধারিত সীমানার মধ্যে চলাচল, জমায়েত, সমাবেশ, বিক্ষোভ, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।