ভারত ও কানাডা পরস্পরের দেশে নতুন হাইকমিশনার নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুইদেশ রাষ্ট্রদূতদের নাম ঘোষণা করেছে। শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড ঘিরে বিরোধে শীর্ষ রাষ্ট্রদূতদের বহিষ্কারের ১০ মাস পর এই পদক্ষেপ নেয়া হলো। খবর বিবিসি।
অটোয়া জানিয়েছে, দিল্লিতে কানাডার নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেবেন ক্রিস্টোফার কুটার। অপরদিকে, মাদ্রিদে ভারতের রাষ্ট্রদূত দিনেশ কে পাটনায়েককে কানাডায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাটনায়েক শিগগিরই দায়িত্ব নেবেন।
২০২৩ সালের জুনে ভ্যাঙ্কুভারের কাছে একজন কানাডিয়ান শিখ কর্মীর হত্যাকাণ্ডে নয়াদিল্লির ভূমিকার অভিযোগ আনার পর থেকে কানাডা ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। গত বছরের অক্টোবরে কানাডা ভারতের হাইকমিশনারকে বহিষ্কার করে। অটোয়া অভিযোগ করে, নিজ্জর হত্যাকাণ্ডে ছয় ভারতীয় কূটনীতিক জড়িত। তবে দিল্লি জানায়, হাইকমিশনারকে কেবল প্রত্যাহার করা হয়েছে। পাল্টা পদক্ষেপে ভারতও ছয়জন কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করে, যার মধ্যে ছিলেন অটোয়ায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনারও।
চলতি বছরের জুনে কানাডায় প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রুডোর উত্তরসূরি মার্ক কার্নি আবারও সিনিয়র কূটনীতিক নিয়োগে সম্মত হন। এটিকে দুই দেশের সম্পর্কে বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।