ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা যায়। খবর আল জাজিরা।
ইসফাহান শহরে অবস্থিত ইরানের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কমপ্লেক্স ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার। শহরটিতে বিস্ফোরণের পর দেশজুড়ে নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটির দাবি, ইসরায়েল পারমাণবিক স্থাপনাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন—ঘটনাস্থলে কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি বা বিকিরণের আশঙ্কা নেই।
এই হামলা ইসরায়েলের একটি বিস্তৃত অভিযানের অংশ বলে ধারণা করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের ভাষ্যমতে, এই অভিযানের লক্ষ্য হচ্ছে—ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিতে আঘাত হানা।
ইসফাহানের পাশাপাশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে ইরানের খন্দাব শহরের নিকটবর্তী একটি ভারী পানির গবেষণা রিঅ্যাক্টরের কাছেও। খন্দাবও ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাসমূহের অন্তর্ভুক্ত।