বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য প্রক্রিয়াজাত শিল্প প্রদর্শনী 'গালফুড ম্যানুফ্যাকচারিং ২০২৫' শুরু হয়েছে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। মঙ্গলবার তিনদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে অংশ নিয়েছে বিশ্বের ৬০টিরও বেশি দেশের খাদ্য উৎপাদক, প্রযুক্তি সরবরাহকারী ও প্যাকেজিং বিশেষজ্ঞরা।
আয়োজকরা জানান, এ প্রদর্শনীতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ তাদের নিজস্ব খাদ্য প্রক্রিয়াজাত পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। এ ছাড়া প্রদর্শিত হচ্ছে আধুনিক খাদ্য প্রক্রিয়াজাত প্রযুক্তি, অটোমেশন সলিউশন, পরিবেশবান্ধব প্যাকেজিং ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের নতুন উদ্ভাবন। এটি বিশ্বব্যাপী নেতাদের সঙ্গে সংযোগ স্থাপন এবং রূপান্তরমূলক সমাধান অন্বেষণের অতুলনীয় সুযোগ সৃষ্টি করেছে।
এ আয়োজনে আড়াই হাজারেরও বেশি প্রদর্শক একত্রিত হচ্ছেন, যার মধ্যে কোরিয়া, জাপান এবং রাশিয়ার নতুন জাতীয় প্যাভিলিয়নও রয়েছে। তাদের পরবর্তী প্রজন্মের সমাধানগুলো ২১টি হল পূর্ণ করেছে, যেখানে উৎপাদনকে সহজীকরণ, মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী লাভ বৃদ্ধির উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।
অংশগ্রহণকারীরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী দেশীয় শিল্পের রফতানি সম্ভাবনা আরো বাড়িয়ে তুলবে। গালফুড ম্যানুফ্যাকচারিং শুধু একটি প্রদর্শনী নয়, বরং বৈশ্বিক খাদ্য শিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।