জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন পর গত বুধবার (২৬ নভেম্বর) ক্ষমতা দখল করে গিনি-বিসাউর সামরিক বাহিনী। এর প্রতিক্রিয়ায় দেশটির সদস্যপদ স্থগিত করেছে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইকোওয়াস (ECOWAS)। খবর এপি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘পূর্ণ ও কার্যকর সাংবিধানিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইকোওয়াসের সব সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা থেকে গিনি-বিসাউয়ের সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
সংস্থাটির পক্ষ থেকে আরো জানানো হয়, নির্বাচনী ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী সব পক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ নিয়মতান্ত্রিকভাবে ‘সব ধরনের বিকল্প পদক্ষেপ গ্রহণের’ অধিকার ইকোওয়াস সংরক্ষণ করে।
বৃহস্পতিবার গিনি-বিসাউয়ের সেনারা নতুন জান্তা নেতার নাম ঘোষণা করে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো প্রতিবেশী নেগালে চলে গেছেন। যদিও দেশটির বিরোধী দল এখন তার বিরুদ্ধে নির্বাচনে পরাজয় এড়াতে ‘কৃত্রিমভাবে অভ্যুত্থান সাজানোর’ অভিযোগ তুলেছে।
দেশটির সামরিক হাই কমান্ড অভ্যুত্থান চলাকালে জারি করা কারফিউ আজ শুক্রবার (২৮ নভেম্বর) তুলে নিয়েছে। একই সঙ্গে রাজধানী বিসাউয়ের সব এলাকায় জনসাধারণ ও গণপরিবহনের স্বাভাবিক চলাচলের অনুমতি দিয়েছে।