আফগানিস্তানের কান্দাহার প্রদেশে পাকিস্তানের বিমান হামলা ও সীমান্ত সংঘর্ষে অন্তত ২০ হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আফগান গণমাধ্যম তোলো নিউজের খবর।
কান্দাহারের শরণার্থী ও প্রত্যাবাসন দপ্তরের উপপ্রধান নেমাতুল্লাহ অলফাত জানান, পাকিস্তানি বাহিনী ঘনবসতিপূর্ণ স্পিন বোলদাক জেলায় নির্বিচারে বোমাবর্ষণ চালিয়েছে। এর ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে মরুভূমি ও দুর্গম এলাকায় আশ্রয় নিয়েছে। সেসব জায়গায় মৌলিক সুবিধা প্রায় নেই বললেই চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে কমপক্ষে ২১০ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। পাশাপাশি পাকিস্তানি গোলাবর্ষণ ও বিমান হামলায় ৮০টি বাড়ি, ৫০টি দোকান ও ১০টি গাড়ির শোরুম ধ্বংস হয়েছে।
কান্দাহার প্রশাসন বলেছে, বাস্তুচ্যুত পরিবারগুলোর সহায়তায় ত্রাণ কার্যক্রম চলছে। তবে অপর্যাপ্ত সম্পদ ও অবকাঠামোর অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।