যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২-তে। উদ্ধারকর্মীরা আরো কিছু মরদেহ উদ্ধারের পর এই সংখ্যা নিশ্চিত করেছে বলে জানাচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো বহু মানুষ নিখোঁজ। তাদের মধ্যে আছে ক্যাম্প মিস্টিক নামে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেয়া ১০ কিশোরী।
মূলত কার কাউন্টির গুয়াদালুপে নদীতে হঠাৎ পানির ঢল নামায় শুরু হয় এই বন্যা। সেখানেই উদ্ধার করা হয়েছে ৬৮টি মরদেহ।
কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৮ জন শিশু।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রোববার সতর্ক করে বলেন, মঙ্গলবার পর্যন্ত আরো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে পরিস্থিতি আরো ভয়াবহ দিকে মোড় নিতে পারে।
স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা বিভাগ সাধারণ মানুষকে সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে নতুন করে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে প্রশাসন।
শুক্রবার স্যান অ্যান্টোনি শহরে ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি প্রায় প্রায় নয় মিটার (২৯ ফুট) বেড়ে যায়। এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ৮৫০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই জীবন বাঁচাতে গাছে ঝুলে ছিলেন।