পাকিস্তানের বালুচিস্তান প্রদেশজুড়ে একাধিক সমন্বিত হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৯২ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে শনিবার জানায় পাক সামরিক বাহিনী। এসব অভিযানে তাদের ১৫ সদস্যও প্রাণ হারান। হামলাগুলোতে নারী ও শিশুসহ কমপক্ষে ১৮ বেসামরিক মানুষ নিহত হয়। খবর রয়টার্স।
বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা প্রদেশজুড়ে একযোগে অভিযান চালিয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, হামলাগুলো ভারতের মদদপুষ্ট জঙ্গিদের মাধ্যমে পরিচালিত হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সব কৌশলগত স্থাপনা সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে।
কোয়েটা, মাষ্টুং, নৌশকি, দালবন্দিন, খারান, পানজগুর, তুম্প, গওয়াদর ও পাসনিসহ বিভিন্ন শহরে হামলা চালানো হয়। গওয়াদরে অভিবাসী শ্রমিকদের একটি ক্যাম্পে হামলায় ১১ জন নিহত হন। নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযানে সেখানে ছয় হামলাকারীকে হত্যা করে।
নৌশকিতে একজন শীর্ষ বেসামরিক প্রশাসককে অপহরণের ঘটনাও ঘটে। বেশ কয়েকটি জেলায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এখনো ক্লিয়ারেন্স অভিযান চলমান বলে জানিয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ।
বালুচিস্তান বহু বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সহিংসতা চলছে। এর পেছনে বিদেশী সংশ্লিষ্টতা আছে বলে দাবি করে পাকিস্তান। তবে ভারত এসব অভিযোগ অস্বীকার করে আসছে।