যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অন্তত ১৫ শিশু রয়েছে। গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেয়া দুই ডজনেরও বেশি শিশু ও স্থানীয়দের মধ্যে যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে অভিযান চলছে। খবর রয়টার্সের।
টেক্সাসের কর্তৃপক্ষ জানিয়েছেন, মূলত কার কাউন্টিতে বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। তবে আশপাশের এলাকাগুলোতেও বন্যার প্রভাব পড়েছে। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
ট্র্যাভিস কাউন্টির এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে বন্যার কারণে চারজন নিহত হয়েছেন এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া কেন্ডাল কাউন্টিতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরো জানানো হয়, শুক্রবার স্যান অ্যান্টোনি শহরে ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি প্রায় প্রায় নয় মিটার (২৯ ফুট) বেড়ে যায়। এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ৮৫০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই জীবন বাঁচাতে গাছে ঝুলে ছিলেন।
কার কাউন্টির কাছের শহর কারভিলের নগর ব্যবস্থাপক ডাল্টন রাইস জানিয়েছেন, বন্যা-আক্রান্ত গুয়াডালুপ নদীর তীরবর্তী একটি খ্রিস্টান যুব ক্যাম্প থেকে এখনও ২৭ জন শিশুর খোঁজ মেলেনি। তবে এখনই আমরা নিখোঁজ বা মৃত্যুর সংখ্যা নির্ধারণ করব না, কারণ আমরা এখনো তা নিশ্চিতভাবে জানি না।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, তিনি একটি সম্প্রসারিত দুর্যোগ ঘোষণা স্বাক্ষর করেছেন, যাতে উদ্ধার কাজ আরো জোরদার করা যায়। তিনি আরো বলেন, আমরা প্রতিটি ভুক্তভোগীকে খুঁজে না পাওয়া পর্যন্ত থামব না। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত আমাদের কাজ চলবে।
এদিকে জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, কার কাউন্টিতে বন্যার জরুরি অবস্থা মূলত শেষ হয়ে এসেছে। তবে তারা আরও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে এবং বন্যা পর্যবেক্ষণ চালু আছে।
ডাল্টন রাইস বলেন, উদ্ধার ও তল্লাশি অভিযানে সহায়তার জন্য এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে আছেন। এতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। কিছু মানুষকে গাছ থেকে উদ্ধার করা হয়েছে। সহায়তার জন্য মার্কিন কোস্টগার্ডের গার্ডের হেলিকপ্টারও এসেছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবারের মধ্যে অঞ্চলটিতে ২ থেকে ৫ ইঞ্চি (প্রায় ৫ থেকে ১২ সেন্টিমিটার) বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারের (৪ জুলাই) প্রবল বর্ষণে কিছু এলাকায় ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।