সিপিজের প্রতিবেদন

রেকর্ড ভাঙা বছরে সাংবাদিক ‘হত্যা’য় শীর্ষে ইসরায়েল

বিশ্বজুড়ে ২০২৫ সালে যে ৪৭টি লক্ষ্যভিত্তিক প্রাণঘাতী হামলা নথিভুক্ত হয়েছে, তার মধ্যে ৩৮টিই চালিয়েছে ইসরায়েল। সিপিজে এসব ঘটনাকে ‘হত্যা’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে

ইসরায়েল গত বছর অন্তত ৮৪ জন সংবাদকর্মী ও সাংবাদিককে হত্যা করেছে। এ পরিসংখ্যান বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি। একইসঙ্গে বছরটি ছিল সংবাদমাধ্যমের জন্য রেকর্ডভাঙা প্রাণঘাতী বছর। খবর আল জাজিরা।

সাংবাদিকদের সুরক্ষায় নিয়োজিত কমিটি টু প্রক্টেট জার্নালিস্টস (সিপিজে) বুধবার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। সংস্থাটি বলছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সংবাদমাধ্যমের ওপর হামলার ক্ষেত্রে ‘দায়মুক্তির একটি স্থায়ী সংস্কৃতি’ লক্ষ্য করা যাচ্ছে।

২০২৫ সালে মোট ১২৯ জন সংবাদকর্মী নিহত হয়েছেন। ১৯৯২ সাল থেকে সিপিজে এ ধরনের নথিভুক্ত করছে, তখন থেকে এটিই সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি মৃত্যুর জন্য দায়ি ইসরায়েল।

সিপিজে জানায়, ইসরায়েল যেসব সংবাদকর্মীকে হত্যা করেছে, তাদের অধিকাংশই ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের একটি সংবাদপত্রের কার্যালয়ে ৩১ জন কর্মী নিহত হন।

বিশ্বজুড়ে ২০২৫ সালে যে ৪৭টি লক্ষ্যভিত্তিক প্রাণঘাতী হামলা নথিভুক্ত হয়েছে, তার মধ্যে ৩৮টিই চালিয়েছে ইসরায়েল। সিপিজে এসব ঘটনাকে ‘হত্যা’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ১৯৯২ সালে রেকর্ড রাখা শুরু করার পর থেকে কোনো সরকার এত বেশি সাংবাদিককে হত্যা করেনি, যতটা করেছে ইসরায়েল।

তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ ও মানবিক সংকটের কারণে তদন্ত কার্যক্রম জটিল হয়ে পড়েছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ চলাকালে অনেক প্রমাণ ধ্বংস হয়ে গেছে।

সিপিজে বলেছে, একসঙ্গে বিপুল প্রমাণ ধ্বংস হয়ে গেছে। তাই গাজায় ইসরায়েলের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু হওয়া ফিলিস্তিনি সাংবাদিকদের প্রকৃত সংখ্যা হয়তো কখনোই জানা যাবে না।

অধিকার সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ‘হত্যা’ হওয়া পাঁচজন আল জাজিরা সাংবাদিকের নাম তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন আনাস আল-শরিফ ও অন্য তিনজন। গাজা সিটিতে সাংবাদিকদের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় তারা নিহত হন। একইভাব হত্যা করা হয় আল জাজিরা মুবাশেরের সংবাদদাতা হোসাম শাবাতকে।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ সাংবাদিক ও সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েল, এমন তথ্য জানিয়েছে শিরিন ডট পিএস। আল জাজিরার সংবাদদাতা শিরিন আবু আখলের নামে প্রতিষ্ঠিত হয়েছে এ পর্যবেক্ষণ ওয়েবসাইট। ২০২২ সালে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

ইসরায়েল কিছু সাংবাদিককে হত্যার কথা স্বীকার করেছে, তবে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিহতদের সম্পৃক্ততার অভিযোগও তুলেছে। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সিপিজে এসব অভিযোগকে ‘মারাত্মক অপবাদ’ বলে আখ্যা দিয়েছে।

গাজা ও ইয়েমেনের বাইরে ২০২৫ সালে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন সুদান ও মেক্সিকোয়। সুদানে চলমান গৃহযুদ্ধের মধ্যে ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। সংগঠিত অপরাধচক্রের সহিংসতায় জর্জরিত মেক্সিকোয় নিহত হয়েছেন ৬ জন। এছাড়া রুশ সামরিক হামলায় ৪ জন ইউক্রেনীয় সাংবাদিক নিহত হয়েছেন।

আরও