নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার স্টেটে এক নৌকাডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে মালালে জেলার টুঙ্গান সুলে শহর থেকে ছেড়ে আসা নৌকাটি কাইনজি জলাধারের দিকে যাচ্ছিল। পথে বোর্গু এলাকার গাউসাওয়া সম্প্রদায়ের কাছে নৌকাটি পানির নিচে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর আল জাজিরা।
নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, নৌকাটিতে ১০০ জনের বেশি যাত্রী ছিলেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। তারা দুগ্গা শহরে এক শোকযাত্রায় অংশ নিতে যাচ্ছিলেন।
সংস্থাটির প্রধান আবদুল্লাহি বাবা আরা জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ উদ্ধারকাজ এখনো চলছে। গুরুতর আহত অন্তত ১০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং অনেকে এখনো নিখোঁজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে এরইমধ্যে কয়েক ডজন লাশ উদ্ধার করা হয়েছে। চারজনকে ইসলামি রীতি অনুযায়ী দাফনও করা হয়েছে।