জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প— ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার

সম্প্রতি রাশিয়া থেকে জ্বালানি আমদানির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জেলেনস্কি সতর্ক করে বলেছেন, নতুন এই চুক্তির আওতায় রাশিয়ার লাখ লাখ টন ডিজেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের এখন নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেলসংক্রান্ত চুক্তির সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারই জবাবে এই কথা বলেন ট্রাম্প। খবর বিবিসি।

সম্প্রতি রাশিয়া থেকে জ্বালানি আমদানির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জেলেনস্কি সতর্ক করে বলেছেন, নতুন এই চুক্তির আওতায় রাশিয়ার লাখ লাখ টন ডিজেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে।

জেলেনস্কির মতে, এতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ পাবে। তিনি এই চুক্তিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য 'উপহার' বলে মন্তব্য করেন।

গতকাল হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়ার জ্বালানি তেল পরিশোধনাগারগুলোয় ইউক্রেনের হামলার অনুমতি দিয়ে জেলেনস্কি 'বিশ্বের জন্য সমস্যা তৈরি করতে চান'।

ট্রাম্প বলেন, ‘তার উচিত এসব বন্ধ করা।’

এরপর তিনি বলেন, ইউক্রেনের এমন একজন নতুন নেতা দরকার, যিনি চুক্তি করতে পারেন।

২০২২ সালে রুশ আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে। এ কারণে দেশটিতে নির্বাচন স্থগিত আছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

বিশ্বের মোট তেলজাত পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

বিশ্বের অন্যতম জ্বালানি সরবারহকারী দেশ রাশিয়া এবং ইউক্রেন সম্প্রতি একে অপরের জ্বালানি অবকাঠামো ও পরিবহনব্যবস্থায় হামলা জোরদার করেছে। এতে জ্বালানির বাজারে সংকট আরো বেড়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা বলেছিলাম, রাশিয়ার বিরুদ্ধে তোমরা যা খুশি করতে পারো, কিন্তু তেল পরিশোধনাগারগুলোয় হামলা কোরো না। এতে বিশ্বজুড়ে সমস্যা তৈরি হয়।’

ট্রাম্প বলেন, ‘তিনি অনেক চুক্তি করতে পারতেন। কিন্তু কোনো এক কারণে তিনি তা কখনোই করেন না।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভ ট্রাম্পের এই বক্তব্যকে ‘অসাধারণ ও ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন।

তার মতে, ইউক্রেনের এমন নেতৃত্ব প্রয়োজন, যারা প্রকৃত অর্থেই শান্তি প্রতিষ্ঠায় মনোযোগী।

এর আগে শুক্রবার ট্রাম্প নিশ্চিত করেন, রাশিয়ার সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এর আওতায় আগামী ৭ এপ্রিল পর্যন্ত রাশিয়ার ডিজেল রফতানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত রাখা হবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে ইউক্রেনে নতুন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, ইউক্রেনের ভোটারদের ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরানোর সুযোগ থাকা উচিত।

আরও