আফগান-পাকিস্তান সীমান্তে সংঘাত

'পাল্টা হামলা'র দাবি তালেবানের, ‘ইটের জবাবে পাথর ছোঁড়ার’ হুমকি পাকিস্তানের

কুনার-কুররাম অঞ্চলসহ সীমান্তের বেশ কয়েকটি স্থানে উভয় পক্ষ ছোট অস্ত্র ও কামান ব্যবহার করেছে।

তালেবানের এই 'পাল্টা পদক্ষেপের' প্রতিক্রিয়ায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তালেবান হামলাকে 'উসকানিমূলক' আখ্যা দিয়ে আফগান বাহিনীর বিরুদ্ধে সাধারণ নাগরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ তুলেছেন।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত পাকিস্তান সীমান্তে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়েছে। আফগান তালেবান সরকার নিশ্চিত করেছে যে তারা একাধিক পাহাড়ি অবস্থানে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তালেবান এটিকে 'পাল্টা হামলা' বলে অভিহিত করেছে। তাদের দাবি, পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং বৃহস্পতিবার আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে। খবর বিবিসি।

তালেবানের এই 'পাল্টা পদক্ষেপের' প্রতিক্রিয়ায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তালেবান হামলাকে 'উসকানিমূলক' আখ্যা দিয়ে আফগান বাহিনীর বিরুদ্ধে সাধারণ নাগরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ তুলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানি বাহিনী 'প্রতিটি ইঁটের জবাবে পাথর' ছুঁড়বে।

জানা গেছে, কুনার-কুররাম অঞ্চলসহ সীমান্তের বেশ কয়েকটি স্থানে উভয় পক্ষ ছোট অস্ত্র ও কামান ব্যবহার করেছে। স্থানীয় সময় রাত ১০টা নাগাদ আফগান অংশ থেকে ভারী গোলাগুলি শুরু হয় বলে বিবিসিকে জানিয়েছেন কুররাম জেলার জিরো পয়েন্টের কাছে অবস্থিত এক পুলিশ কর্মকর্তা। তিনি আরো জানান, সীমান্তের বিভিন্ন স্থানে তীব্র গুলির খবর পাওয়া গেছে।

অন্যদিকে, ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগান সরকার এমন সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের মাটিতে হামলা চালায়। যদিও তালেবান এই অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে বলে ইসলামাবাদের অভিযোগ।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তালেবানের হামলার 'তীব্র নিন্দা' জানিয়েছেন। তিনি বলেছেন, সাধারণ নাগরিকদের ওপর আফগান বাহিনীর গুলি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আফগানিস্তান আগুন এবং রক্ত নিয়ে খেলছে। পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানি জীবন ও সম্পত্তি রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

সীমান্তে সংঘর্ষ এমন সময় ঘটল যখন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ঐতিহাসিক সফরে ভারতে অবস্থান করছেন। এই কূটনৈতিক আলোচনার মধ্যেই ভারত কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। চার বছর আগে তালেবান ক্ষমতায় আসার পর বন্ধ করে দেয়া হয়েছিল ভারতীয় দূতাবাস।

আরও