মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার্সের ঠিক পাশের বহুতল ভবন পেট্রোনাস টাওয়ার ৩-এর একটি রেস্তোরাঁয় আজ সকালে আগুন লাগে। অনলাইনে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, ভবনটির ওপরের তলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। তবে দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপে কোনো হতাহতের ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
মালয়েশিয়ার সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, ভবনটির ওপরের তলার একটি রেস্তোরাঁ থেকে এ আগুনের সূত্রপাত হয়।
ডেইলি দ্য নিউ স্ট্রেইটস টাইমস দমকল ও উদ্ধার বিভাগের অপারেশনস কমান্ডার মহম্মদ হাফিজান হাসানকে উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় কর্তৃপক্ষ। খবর পাওয়ার ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
তারা ভবনের অভ্যন্তরীণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা অর্থাৎ, ফায়ার হোস এবং ওয়েট রাইজার সিস্টেম ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। সকাল ৭টা ০৪ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে তা সম্পূর্ণ নির্বাপিত হয়।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
কমান্ডার মহম্মদ হাফিজান হাসান আরো জানান, আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আগুন লাগার কারণে ভবনটির ৫৭তম তলায় অবস্থিত রেস্তোরাঁটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ৬০ তলা বিশিষ্ট এ ভবনটি মেনারা কারিগালি নামেও পরিচিত।