নিউইয়র্ক সিটির বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সুচালো চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব দেয়ার পর এক দুঃসাহসী যুগলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলা নিকোলাও এবং ৩২ বছর বয়সী ইভান বিয়ারকুস দুজনই রুশ নাগরিক। তারা আকাশচুম্বী ভবনটির সুচালো চূড়ার একেবারে মাথায় উঠে একটি বড় ব্যানার টাঙান। সেখানে লেখা ছিল, ‘যখন ক্ষমতার প্রতি ভালোবাসাকে পরাজিত করে ভালোবাসার শক্তি, তখনই পৃথিবী শান্তি খুঁজে পায়।’
এরপর বিয়ারকুস এক হাঁটু গেড়ে বসে নিকোলাও-কে আংটি এগিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবের পর তারা একে অপরকে চুম্বন করেন এবং শেষে নিচে নেমে আসেন।
৪৪৩ মিটার বা ১ হাজার ৪৫৪ ফুট উঁচু ভবনটির চূড়ায় তারা অন্তত ১০ মিনিট অবস্থান করেন। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ঝুঁকিপূর্ণ কীর্তি দেখিয়ে পরিচিত এ যুগলকে নিয়ে ২০২৪ সালে নেটফ্লিক্স নির্মাণ করে তথ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, এ ঘটনায় দুই ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে চুরির উদ্দেশ্যে অবৈধভাবে ভবনে প্রবেশ, বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের জীবন ঝুঁকিতে ফেলা, সম্পত্তি নষ্ট, অবৈধ অনুপ্রবেশ এবং বিশৃঙ্খল আচরণসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনা ‘অননুমোদিত’ বলে জানান এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষের এক মুখপাত্র। তিনি জানান, এতে ভবনটির ভাড়াটিয়া, দর্শনার্থী কিংবা চূড়ার ঠিক নিচে পর্যবেক্ষণ ডেকে থাকা অতিথিদের জন্য কোনো ঝুঁকি তৈরি করেনি।
তিনি আরো বলেন, ‘উল্লেখ করা প্রয়োজন— বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভবন হিসেবে পরিচিত নিউইয়র্ক সিটির কেন্দ্রস্থলে অবস্থিত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অবজারভেশন ডেকেই স্মরণীয় বিয়ের প্রস্তাব দেয়ার একটি নিরাপদ ও বাস্তবসম্মত ব্যবস্থা রয়েছে।’
প্রাথমিক তথ্যানুযায়ী, ভবনটির ১০৩তম তলায় পানির ট্যাংক রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত একটি হ্যাচ বা ছোট প্রবেশপথ দিয়ে ওই যুগল চূড়ার দিকে উঠেন।
১০৩তম তলা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। তবে এর নিচের ১০২তম তলা খোলা থাকে। কীভাবে তারা ১০২তম তলা থেকে ১০৩তম তলায় পৌঁছালেন, তা এখনো স্পষ্ট নয়।
তারা ভবনটির প্রায় ২০০ ফুট উঁচু টেলিযোগাযোগ অ্যান্টেনা বেয়ে নিচে নামা শুরু করেন। অ্যান্টেনার নিচের একটি প্লাটফর্মে পৌঁছানোর পর বিয়ারকুস এক হাঁটু গেড়ে বসে নিকোলাও-কে বিয়ের প্রস্তাব দেন।
এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরেন। নিকোলাও মুখে থাকা মাস্ক খুলে ফেলেন এবং দুজন চুম্বন করেন। চূড়ায় অবস্থান করার সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করেন।
নিকোলাও একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে ছোট একটি প্লাটফর্মের ওপর থেকে দেখা মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। তিনি এমন একটি ছবিও পোস্ট করেন, যেখানে বিয়ারকুসকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়।
এদিকে নিউইয়র্ক পুলিশ বডি-ক্যামেরায় ধারণকৃত ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা খাঁচাবেষ্টিত একটি সিঁড়ি বেয়ে ওপরে উঠে ওই যুগলের সঙ্গে কথা বলছেন।
ফুটেজে কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘হ্যালো, কেমন আছেন? আপনারা যেখানে আছেন, সেখানেই থাকুন। আপনাদের এখানে থাকার অনুমতি নেই।’
জবাবে নিকোলাও দুই হাত তুলে বলেন, ‘আমি ঠিক আছি’। এর পর পুলিশ কর্মকর্তারা জিজ্ঞেস করেন, তারা কোন ভাষায় কথা বলেন। জবাবে নিকোলাউ বলেন, রুশ।