প্রযুক্তি বিষয়ক আইন ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আবারো দ্বন্দ্বে জড়িয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আইনটি বাতিলের আহ্বান জানিয়েছে কোম্পানিটি। অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, আইন সংশোধন না হলে কিছু পণ্য ও সেবা ইউরোপের বাজারে না–ও পাঠাতে পারে কোম্পানিটি।
অ্যাপলের দাবি, ডিএমএ প্রতিষ্ঠানটির গ্রাহকদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি এটি নিরাপত্তা ঝুঁকি তৈরির পাশাপাশি অ্যাপলের ডিভাইসগুলো একযোগে ব্যবহারের কার্যকারিতাকেও চাপে ফেলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এরই মধ্যে আইনটির কারণে অ্যাপলের লাইভ ট্রান্সলেশন (এয়ারপডস) ও আইফোন স্ক্রিন ল্যাপটপে মিররিংয়ের মতো ফিচার চালু করা আটকে গেছে।
অ্যাপল অভিযোগ করেছে, ডিএমএ অন্যায্য প্রতিযোগিতা তৈরি করছে। কারণ ইইউর সবচেয়ে বড় স্মার্টফোন সরবরাহকারী স্যামসাংয়ের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। আইনের কারণে অন্য ব্র্যান্ডের হেডফোনকে অ্যাপলের আইনফোনের সঙ্গে মানানসই করতে গিয়ে গোপনীয়তা নিয়েও ঝুঁকি তৈরি হচ্ছে।
প্রতিষ্ঠানটির দাবি, হয় ডিএমএ বাতিল করতে হবে অথবা আরো কোনো উপযুক্ত আইন দিয়ে এটিকে প্রতিস্থাপন করতে হবে।
এ আইন আগে কার্যকর থাকলে অ্যাপলের পক্ষে হয়তো অ্যাপল ওয়াচের মতো পণ্য ইইউর বাজারে ছাড়া সম্ভব হতো না বলে দাবি করছে কোম্পানিটি।
এর আগেও ইউরোপীয় কমিশনের (ইসি) সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে অ্যাপল। এ বছরের শুরুর দিকে ৫০০ মিলিয়ন ইউরো জরিমানার বিরুদ্ধে আপিল করে কোম্পানিটি। অভিযোগ ছিল, অ্যাপল অ্যাপ ডেভেলপারদের সস্তা ডিলের জন্য গ্রাহকদের অ্যাপ স্টোরের বাইরে নিতে বাধা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ তুলেছেন, ইউরোপীয় আইনগুলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। অথচ চীনের বড় কোম্পানিগুলোকে ছাড় দেয়া হচ্ছে।
অ্যাপলের অভিযোগ, এই আইন উদ্ভাবনকে নিরুৎসাহিত করছে এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে প্রযুক্তি ও তথ্য পাওয়ার সুযোগ করে দিচ্ছে।
এ বিষয়ে জানতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের পক্ষ থেকে ইউরোপীয় কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে এখনো কমিশন থেকে এ সংক্রান্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।