ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরিয়ে দেয়ার জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করেছে ট্রাম্প প্রশাসন। জানুয়ারিতে দেয়া এক ঘোষণায় তাকে ধরিয়ে দেয়ার জন্য ২৫ মিলিয়ন (আড়াই কোটি) ডলার পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছিল। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তা ৫০ মিলিয়ন (৫ কোটি) ডলারে উন্নীত করার ঘোষণা দেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। খবর আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বিশ্বের অন্যতম প্রধান মাদক পাচারকারী। ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে যুক্তরাষ্ট্র সরকার মাদুরো ও তার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, দুর্নীতি ও মাদক চোরাচালানের অভিযোগ তোলে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার প্রচারিত এক ভিডিও বার্তায় মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি দাবি করেন, ‘নিকোলাস মাদুরো মেক্সিকোর কুখ্যাত কার্টেলগুলোর সঙ্গে যোগসাজশে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল-মিশ্রিত কোকেন ছড়ানোর কাজ করছেন।’
বার্তায় মাদুরোর বিরুদ্ধে ভেনেজুয়েলার অপরাধী চক্র ‘ত্রেন দে আরাগুয়া’ ও ‘কার্টেল অব দ্য সানস’ এবং মেক্সিকোর কুখ্যাত ‘সিনালোয়া কার্টেল’-এর সঙ্গে সহযোগিতার অভিযোগ তোলেন পাম বন্ডি। তিনি দাবি করেন, মাদুরো ও সহযোগীদের সম্পৃক্ততা আছে- এমন ৩০ টন কোকেন জব্দ করেছে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ), যার মধ্যে ৭ টনের সঙ্গে মাদুরোর সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।
বন্ডি বলেন, ‘তিনি বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী ও মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই আমরা তার ব্যাপারে তথ্য দেওয়ার জন্য পুরস্কারের অর্থ ৫০ মিলিয়ন ডলারে উন্নীত করেছি।’
এরপর তিনি জনসাধারণের জন্য একটি হটলাইন নম্বর দেন, যেখানে তারা তথ্য জানাতে পারবে।