গাজায় মার্কিন-ইসরায়েলি জিম্মি মুক্তি দিচ্ছে হামাস, যুদ্ধবিরতির ইঙ্গিত

হামাস জানিয়েছে, এই সিদ্ধান্তটি মানবিক সহায়তা প্রবেশে সুবিধা করে দেবে এবং যুদ্ধবিরতির দিকে অগ্রসর হওয়ার পদক্ষেপ হিসেবে নেয়া হয়েছে।

গাজায় যুদ্ধবিরতির সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে মার্কিন-ইসরায়েলি নাগরিক এডান আলেক্সান্ডারকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। ২১ বছর বয়সী আলেক্সান্ডার গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার সময় গাজা সীমান্ত থেকে আটক হন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভিজাত ইউনিটে কর্মরত ছিলেন। খবর বিবিসি।

হামাস জানিয়েছে, এই সিদ্ধান্তটি মানবিক সহায়তা প্রবেশে সুবিধা করে দেবে এবং যুদ্ধবিরতির দিকে অগ্রসর হওয়ার পদক্ষেপ হিসেবে নেয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগেই এ ঘোষণা এল।

ট্রাম্প সামাজিক মাধ্যমে এ ঘটনাকে ‘একটি সদিচ্ছার নিদর্শন’ ও ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে উল্লেখ করেছেন।

জানা গেছে, আলেক্সান্ডারের মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করতে সোমবার (১২ মে) সকালে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সময়ে ইসরায়েলকে তার সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে বলা হয়েছে।

হামাসের দাবি অনুযায়ী, গাজায় এখনো ৫৯ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ২৪ জন জীবিত থাকতে পারেন। আলেক্সান্ডার ছিলেন শেষ জীবিত মার্কিন নাগরিক।

ইসরায়েল গত ৭০ দিন ধরে গাজায় মানবিক সহায়তা প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে। জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরে শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির ১০,০০০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে, আর খাদ্যের দাম বেড়েছে ১,৪০০ শতাংশ পর্যন্ত।

হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে গাজায় ৫২,৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আরও