কানাডার প্রধানমন্ত্রী

আমেরিকার সঙ্গে আগের সম্পর্ক এখন আর নেই

কার্নি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া শুল্কনীতির মুখে নিজেদের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবতে হবে কানাডিয়ানদের।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার আগে যে সম্পর্ক ছিল তা এখন আর নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, আমাদের অর্থনীতির গভীরতর একীকরণ এবং কঠোর নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ওপর ভিত্তি করে বলছি, সেই সম্পর্ক এখন আর নেই। খবর বিবিসির।

বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া শুল্কনীতির মুখে নিজেদের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবতে হবে কানাডিয়ানদের। ট্রাম্প প্রশাসনের শুল্কের বিপরীতে কানাডাও শুল্ক আরোপ করবে যা যুক্তরাষ্ট্রের ওপর সর্বোচ্চ প্রভাব ফেলবে।

এর আগের দিন বুধবার যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ি ও এর যন্ত্রপাতির ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। আগামী ২ এপ্রিল এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রতিক্রিয়ায় কার্নি বলেন, ১৯৬৫ সালে স্বাক্ষরিত মূল কানাডা-মার্কিন মোটরগাড়ি পণ্য চুক্তি তার জীবদ্দশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি ছিল। ট্রাম্পের শুল্ক আরোপের মাধ্যমে এটি শেষ হয়ে গেল।

তিনি বলেন, কানাডাকে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে, যা কানাডিয়ানরা নিয়ন্ত্রণ করতে পারে। এর মধ্যে অন্য অংশীদারদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনা অন্তর্ভুক্ত থাকবে। কানাডা ভবিষ্যতে আমেরিকার সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রাখতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।

আরও