ইরাকে শপিং মলে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৬৯

ওই ভবনে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনের যে ফ্লোরে পারফিউম ও কসমেটিকস পণ্য বিক্রি হতো, সেখানেই প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন পুরো পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে।

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতে একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন। শহরের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ও পুলিশের বরাতে গতকাল বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংস্থাটির ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাতভর আগুনে পুড়ে ফলে 'করনিশ হাইপারমার্কেট' ভবনের বাইরের অংশ গাঢ় কালো বর্ণ ধারণ করেছে। ঘটনাস্থলে এখনো উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

অন্য কয়েকটি ভিডিওতে দেখা গেছে, দমকল কর্মীরা রাতে আগুনে জ্বলতে থাকা ভবনে পানি ছিটাচ্ছেন এবং উদ্ধারকারী দলের সহায়তায় মানুষ ছাদ থেকে নিচে নামছেন।

আলী আল-মায়াহী নামে এক কর্মকর্তা বলেন, অনেকগুলো মরদেহ ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে। এখনো সেগুলো আমরা উদ্ধার করতে পারিনি।

ওই ভবনে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনের যে ফ্লোরে পারফিউম ও কসমেটিকস পণ্য বিক্রি হতো, সেখানেই প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন পুরো পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে হাসপাতাল ও মর্গে স্বজনদের খোঁজে ভিড় করছেন অসংখ্য মানুষ।

ঘটনাস্থলের পাশেই আরেকটি ভবনে বসবাস করেন আলী আল-জারগানি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর যারা ভবনটিতে প্রবেশ করেছিলেন, তাদের মধ্যে তিনিও ছিলেন। তার ভাষ্য, মার্কেটটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। অনেক মানুষ শপিংমলের ভেতরে আটকে পড়েন। সবাই মরিয়া হয়ে বাইরে বেরোনোর পথ খুঁজছিল।

তিনি আরো বলেন, ভেতরে পুড়ে যাওয়া শিশু ও নারীদের দেহ মাটিতে পড়ে থাকতে দেখেছি। ভয়ঙ্কর এক দৃশ্য ছিল সেটি।

আরও