ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফের সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। জানুয়ারিতে দেশটির সরকারের প্রাণঘাতী দমন-পীড়নের পর এই প্রথমবারের মতো বড় পরিসরে সমাবেশ করতে দেখা গেল শিক্ষার্থীদের। খবর বিবিসি।
বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী তেহরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যাম্পাসে শিক্ষার্থীরা মিছিল করেন। একপর্যায়ে তাদের সঙ্গে সরকারপন্থিদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, তেহরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এ সময় গত মাসে সরকারের অভিযানে নিহত হাজারো মানুষের স্মরণে শিক্ষার্থীরা সমবেত হন।
এদিকে ইরানের আশপাশের অঞ্চলগুলোয় সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সীমিত পরিসরের সামরিক হামলার বিষয়টি বিবেচনায় রেখেছেন।
যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্রদের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান।
মঙ্গলবার সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে চলমান আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে এসবের পরও ট্রাম্প সতর্ক করে বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে স্পষ্ট হবে ইরানের সঙ্গে কোনো সমঝোতা হবে, নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে।