দিল্লির লালকেল্লার কাছে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় একটি গাড়িতে এই উচ্চক্ষমতার বিস্ফোরণ ঘটে। এরপর আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দিল্লি, উত্তর প্রদেশ ও মুম্বাইয়ে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপক গাড়ি পাঠানো হয়েছে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। খবর এনডিটিভি।
দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। হতাহতের বিষয়টি লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিশ্চিত করেছে। যেখানে আহতদের চিকিৎসা চলছে। লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় আমরা ফোন পাই। প্রায় ২০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে, যা সাধারণত বছরজুড়েই পর্যটকে ভরপুর থাকে।
বিস্ফোরণের ধরণ এখনো জানা যায়নি। ফরেনসিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে পৌঁছাচ্ছে বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য। এক প্রত্যক্ষদর্শী জানান, আমি বাড়ির ছাদে ছিলাম, তখন দেখি বিশাল আগুনের গোলা উঠছে। শব্দটা এত জোরে হয়েছিল যে আশেপাশের ভবনের জানালাগুলো কেঁপে ওঠে।
নিরাপত্তা সংস্থার সূত্রে জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে আটজন নিহত হওয়ার ঘটনার পর উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে।