হোয়াইট হাউস নিশ্চিত করেছে, টিকটকের মার্কিন অপারেশন ও অ্যালগরিদম নতুন মার্কিন মালিকানায় যাওয়ার পর ওরাকল এর তত্ত্বাবধান করবে।
চুক্তি সম্পন্ন হলে টিকটকের মার্কিন কার্যক্রম ও অ্যালগরিদমের একটি কপি নতুন যৌথ মালিকানার হাতে যাবে। নতুন মালিকানা গোষ্ঠী মূলত মার্কিন বিনিয়োগকারীদের দ্বারা পরিচালিত হবে। আর বোর্ডও গঠিত হবে আমেরিকানদের দ্বারা।
ওরাকল ও প্রাইভেট ইক্যুইটি ফার্ম সিলভার লেক এ নতুন মালিকানায় বিনিয়োগ করবে। সঙ্গে থাকবে বাইটড্যান্সের বর্তমান বিনিয়োগকারী মার্কিন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, নতুন কিছু বিনিয়োগকারী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাইকেল ডেল ও ফক্স কর্পোরেশনসহ অন্যান্য প্রযুক্তি ও মিডিয়া নেতারাও অংশ নিতে পারেন।
চুক্তি অনুযায়ী, বাইটড্যান্স মার্কিন মালিকাধীন টিকটকের কমপক্ষে ২০ শতাংশ ধরে রাখবে। পুরো বিনিয়োগকারী গোষ্ঠী এখনো চূড়ান্ত হয়নি। হোয়াইট হাউস আশা করছে চুক্তি দ্রুত চূড়ান্ত হবে, যদিও চীনের কিছু আনুষ্ঠানিক অনুমোদন এখনো বাকি।
মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত। এটি সম্ভবত আগামী কয়েক দিনে স্বাক্ষরিত হবে। ট্রাম্প একটি নির্বাহী আদেশে এটিকে যোগ্য বিক্রি হিসেবে স্বীকৃতি দেবেন এবং আইনের প্রয়োগ আরো ১২০ দিন স্থগিত করবেন। যাতে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সম্পন্ন করা যায়।
টিকটকের অ্যালগরিদমের ভবিষ্যত নিয়ে পরিকল্পনাই ছিল মূল প্রশ্ন, কারণ এটি অ্যাপের জনপ্রিয়তার মূল। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন, বাইটড্যান্স চীনের সরকারের অনুরোধে অ্যালগরিদমকে ব্যবহার করতে পারে। নতুন চুক্তি অনুযায়ী, নতুন মার্কিন মালিকানা গোষ্ঠী অ্যালগরিদমের একটি কপি পাবেন, তা পুনঃমূল্যায়ন ও মার্কিন ব্যবহারকারীর তথ্য দিয়ে পুনরায় প্রশিক্ষণ দেয়া হবে। ওরাকল ক্রমাগত মনিটর করবে কিভাবে এটি ব্যবহারকারীর কাছে কনটেন্ট পৌঁছে দিচ্ছে।
নতুন গোষ্ঠী শুধুমাত্র মার্কিন ব্যবহারকারীর জন্য অ্যালগরিদম নিয়ন্ত্রণ করবে। ফলে প্রশ্ন তৈরি হচ্ছে—চুক্তি শেষ হলে কি মার্কিন ব্যবহারকারীদের নতুন আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে কি না।
এছাড়াও ওরাকলের টিকটকে অংশগ্রহণ বৃদ্ধি পাবে। আগের চুক্তির মাধ্যমে তারা মার্কিন ব্যবহারকারীর ডেটা দেশজুড়ে সংরক্ষণ করছিল। হোয়াইট হাউস চুক্তি পরিচালনার জন্য কোনো ফি নেবে কি না তা চূড়ান্ত করেনি, তবে তারা নতুন কোম্পানিতে কোনো ‘গোল্ডেন শেয়ার’ বা ইক্যুইটিতে অংশ নেবে না।