মধ্যপ্রাচ্যে চলমান গাজা-ইসরায়েল সংঘাত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্ববাসীর দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন, ইউক্রেন যুদ্ধ থেকে বৈশ্বিক মনোযোগ সরিয়ে নেয়া ছিল রাশিয়ার একটি লক্ষ্য। খবর বিবিসি।
সম্প্রতি কিয়েভ সফররত ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ব্রিফিংয়ে জেলেনস্কি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইউক্রেন থেকে মনোযোগ কেড়ে নিচ্ছে। ইউক্রেনের প্রতি সবার মনোযোগ দুর্বল হোক, এটাই চেয়েছিল রাশিয়া। যদিও সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে।’
ব্রিফিংয়ে ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনির সাম্প্রতিক একটি মূল্যায়ন সম্পর্কেও জানতে চাওয়া হয় জেলেনস্কির কাছে। ওই মূল্যায়নে জালুঝনি দাবি করেছিলেন, ইউক্রেন যুদ্ধ এখন ‘স্থবির’। ফলে মস্কো তার সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ পাবে।
উত্তরে জেলেনস্কি বলেন, ‘সবাই ক্লান্ত হয়ে পড়ছে এবং বিভিন্ন মতামত রয়েছে। কিন্তু এটি কোনো অবস্থায়ই অচলাবস্থা নয়।’ তবে তিনি স্বীকার করেছেন, রাশিয়া এখনো আকাশ নিয়ন্ত্রণ করছে। চলমান পরিস্থিতি পরিবর্তনের জন্য জরুরিভাবে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ও উন্নত বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।
কিয়েভের পশ্চিমা মিত্রদের মধ্যে ‘যুদ্ধ ক্লান্তি’র আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি কিছু মিত্র দেশ ইউক্রেনকে উন্নত অস্ত্র ও তহবিল প্রদান অব্যাহত রাখার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করছে।