চীন ও ভারতকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পাওনার চাপ কমানোর আহ্বান জানিয়েছে
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিধ্বস্ত ভারত মহাসাগরীয়
দেশটির ঋণ খেলাপি হয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ২৯০ কোটি ডলার বেলআউট
নিয়ে আলোচনা করছে। খবর বিবিসি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, চীন ও ভারত শ্রীলঙ্কার বিলিয়ন ডলারের ঋণ কমাতে রাজি
না হলে নগদ অর্থ ছাড় করবে না। এই সংকটে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন,
সব পক্ষের স্বার্থে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।
পি. নন্দলাল ওয়েরাসিংহে বলেন, যত তাড়াতাড়ি তারা আমাদের আর্থিক আশ্বাস দেবে, তা
পাওনাদার-দেনাদার উভয় পক্ষের জন্যই মঙ্গলজনক। তাহলে দ্রুত পরিশোধের প্রক্রিয়া শুরু
করতে পারব।
শ্রীলঙ্কার কাছে বেইজিংয়ের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭০০ কোটি ডলার
ও ভারত পাবে প্রায় ১০০ কোটি ডলার।
এদিকে গত বছর থেকে মূল্যস্ফীতি কিছুটা ধীর হলেও শ্রীলঙ্কায় গত মাসে খাদ্যের
দাম এক বছরের আগের তুলনায় ৬৫ শতাংশ বেশি ছিল। বিশ্ব খাদ্য কর্মসূচির মতে, শ্রীলঙ্কার
জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি বা ৪০ লাখের মতো মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে।
বিশ্বব্যাংক বলছে, গত ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ৯ দশমিক ২ শতাংশ হ্রাস
পেয়েছে এবং এই বছর আরো ৪ দশমিক ২ শতাংশ সংকুচিত হবে।
শ্রীলঙ্কা সরকার প্রাথমিকভাবে আশা করেছিল, ২০২২ সালের শেষ নাগাদ চীন ও ভারতের
সঙ্গে নতুন করে ঋণ পরিকল্পনা করবে।