পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ অন্তত তিনটি শহরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবানরা। তবে পাকিস্তান বলছে, ছোট ড্রোন ব্যবহার করে দেশটির তিনটি শহরে হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। খবর বিবিসি।
শুক্রবার বিকালে এক্সে (সাবেক টুইটার) দেয়া বার্তায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইসলামাবাদ, নওশেরা ও অ্যাবোটাবাদের সামরিক স্থাপনাগুলোয় বিমান হামলা চালানো হয়েছে। হামলাগুলো সফল হয়েছে বলেও পোস্টটিতে দাবি করা হয়।
তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান তাদের ভূখণ্ডে যে বিমান হামলা চালিয়েছে, তার জবাব হিসেবেই এসব হামলা করা হয়েছে।
তবে এ দাবির পর পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার এক্সে বলেছেন, আফগান তালেবান অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা লক্ষ্য করে ছোট ড্রোন ব্যবহার করে হামলার চেষ্টা চালিয়েছিল, যা পাকিস্তান ব্যর্থ করে দিয়েছে।
পোস্টে তিনি আরো বলেন, অ্যান্টি-ড্রোন সিস্টেম সব ড্রোন ভূপাতিত করেছে। কোনো প্রাণহানি ঘটেনি। এ ঘটনাগুলো আবারো প্রমাণ করে যে আফগান তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানে সন্ত্রাসবাদের সরাসরি যোগসূত্র রয়েছে।
বিবিসির সংবাদদাতা আজিজুল্লাহ খানের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার সোয়াবি এলাকায় কর্তৃপক্ষ একটি ছোট ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে।
বিবিসি উর্দুর খবরে সোয়াবির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, ড্রোনটি একটি স্কুলের কাছে বিধ্বস্ত হয় এবং এতে একটি মেয়ে আহত হয়েছে।
জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেছেন, ড্রোনটি আবাসিক এলাকার কাছে পড়লেও বড়ধরনের ক্ষতি হয়নি। স্কুলটি সম্ভবত হামলার লক্ষ্য ছিল না।