জাপানের পশ্চিমাঞ্চলে আজ মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শিমানে ও তোত্তোরি প্রদেশে স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে আঘাত হানা প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। জাপানের সিসমিক ইনটেনসিটি স্কেলে এর তীব্রতা ছিল 'স্ট্রং ৫'। খবর জাপান টাইমস।
প্রাথমিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সরকারি পরিসংখ্যান পাওয়া না গেলেও জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পে অন্তত চারজন আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল শিমানে অঞ্চলের পূর্ব দিকে ১০ কিলোমিটার গভীরে। তবে এর কম্পন সমগ্র পশ্চিম জাপানজুড়ে অনুভূত হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রথম দফার পর দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ওই এলাকায় অন্তত ১২টি আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে একটির মাত্রা ছিল ৫ দশমিক ১। তবে এই ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
তোত্তোরি অঞ্চলে প্রথমবারের মতো 'লেভেল ৪' দীর্ঘমেয়াদী ভূ-কম্পন রেকর্ড করা হয়েছে। এ ধরনের কম্পন সাধারণত বহুতল ভবনকে দীর্ঘক্ষণ ধরে দোলাতে থাকে। জেএমএ কর্মকর্তা আয়াতাকা এবিতা সতর্ক করে বলেছেন, আগামী দুই-তিন দিন বা এক সপ্তাহ পর্যন্ত আবারও 'স্ট্রং ৫' বা তার বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। সিসমিক অ্যাক্টিভিটি এখনো সক্রিয় রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি নতো উপদ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ৬৯৮ জনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবারের এ ভূমিকম্পটি ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।