রাশিয়াকে পুরস্কৃত করতে রাজি নয় ইউক্রেন: জেলেনস্কি

ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে সরাসরি মন্তব্য করতে গিয়ে জেলেনস্কি বলেন, 'এই শীর্ষ বৈঠক এই যুদ্ধ থেকে অনেক দূরে বসে হচ্ছে, অথচ যুদ্ধ চলছে আমাদের ভূমিতে, আমাদের জনগণের বিরুদ্ধে। আর এই যুদ্ধ ইউক্রেনকে বাদ দিয়ে শেষ করা যাবে না।'

ইউক্রেন ‘দখলদারদের কাছে জমি হস্তান্তর করবে না’ বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প-পুতিন বৈঠকের ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। খবর বিবিসি।

টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে নেয়া যে কোনো সমাধান হবে ‘শান্তির বিরুদ্ধে সমাধান।’ ইউক্রেনকে বাদ দিয়ে নেয়া সিদ্ধান্ত কোনো ফল দেবে না বলেও উল্লেখ করেন তিনি।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা হবে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে হয়তো কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে।

বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সিবিএস নিউজ জানিয়েছে, হোয়াইট হাউস ইউরোপীয় নেতাদের এমন একটি চুক্তি মেনে নিতে রাজি করানোর চেষ্টা করছে, যাতে ইউক্রেন দনবাস, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলসহ বড় অংশ রাশিয়ার কাছে ছেড়ে দেবে।

তবে জেলেনস্কি আগেও যে কোনো প্রকার ভূখণ্ড ছাড়ের শর্ত প্রত্যাখ্যান করেছেন। এবার তিনি আরো স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন ‘রাশিয়ার অপরাধকে পুরস্কৃত করবে না।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া টেক্সট ও ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন—এই যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং রাশিয়াকেই সেটি শেষ করতে হবে। রাশিয়াই যুদ্ধ শুরু করেছে, তারাই টেনে নিয়ে যাচ্ছে।

ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে সরাসরি মন্তব্য করতে গিয়ে জেলেনস্কি বলেন, 'এই শীর্ষ বৈঠক এই যুদ্ধ থেকে অনেক দূরে বসে হচ্ছে। অথচ যুদ্ধ চলছে আমাদের ভূমিতে, আমাদের জনগণের বিরুদ্ধে। আর এই যুদ্ধ ইউক্রেনকে বাদ দিয়ে শেষ করা যাবে না।'

আরও