এভারেস্টের ভিড় কমাতে নেপালের ৯৭টি শৃঙ্গ বিনামূল্যে আরোহনের সুযোগ

৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্ট সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত ভিড়, পরিবেশগত সমস্যা ও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২০২৪ সালের এপ্রিলে নেপালের সুপ্রিম কোর্ট দেশটির সরকারকে এভারেস্টসহ কয়েকটি শৃঙ্গের আরোহন পারমিট সীমিত করার নির্দেশ দেন।

এভারেস্টে পর্যটকের ভিড় ও পরিবেশগত চাপ কমাতে আগামী দুই বছরের জন্য হিমালয়ের ৯৭টি শৃঙ্গ বিনামূল্যে আরোহনের অনুমতি দিচ্ছে নেপাল। এর মাধ্যমে দেশটির দূরবর্তী অঞ্চলে পর্যটন বাড়ানোর পাশাপাশি বিকল্প গন্তব্যগুলো জনপ্রিয় করতে চায় কর্তৃপক্ষ। খবর বিবিসি।

এই ঘোষণার সঙ্গে সঙ্গেই এভারেস্ট আরোহনের পারমিট ফি বাড়ানোর সিদ্ধান্তও জানানো হয়েছে। নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য দেশের অপরিচিত পর্যটন পণ্য ও গন্তব্যগুলোকে বিশ্বে তুলে ধরা।

পর্বতারোহণ নেপালের অন্যতম প্রধান আয়ের উৎস। বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে ৮টিই এখানে অবস্থিত। গত বছর শুধুমাত্র পর্বতারোহণ ফি থেকে দেশটির আয় হয়েছে ৫৯ লাখ ডলার, যার তিন-চতুর্থাংশই এসেছে এভারেস্ট থেকে।

যে ৯৭টি শৃঙ্গে ফি মওকুফ হবে সেগুলো নেপালের কর্ণালি ও সুদূরপশ্চিম প্রদেশে অবস্থিত, যেগুলোর উচ্চতা ৫ হাজার ৯৭০ মিটার (১৯ হাজার ৫৯০ ফুট) থেকে ৭ হাজার ১৩২ মিটার পর্যন্ত। এই দুটি প্রদেশ দেশটির সবচেয়ে দরিদ্র ও অনুন্নত অঞ্চলের মধ্যে পড়ে।

দেশটির পর্যটন বিভাগের মহাপরিচালক হিমাল গৌতম জানিয়েছেন, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য থাকা সত্ত্বেও, এখানে পর্যটক ও পর্বতারোহীর সংখ্যা খুবই কম, কারণ যাতায়াত কঠিন। আমরা আশা করি, নতুন এই ব্যবস্থা পরিস্থিতি বদলাতে সাহায্য করবে। নতুন পদক্ষেপ কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে পারে।

তবে এই দূরবর্তী অঞ্চলে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কোনো পরিকল্পনা রয়েছে কিনা তা পরিষ্কার নয়। আর বিনামূল্যে আরোহনের এই সুযোগ কার্যকর হলে স্থানীয় সম্প্রদায় বাড়তি চাপ সামলাতে পারবে কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

গত দুই বছরে পর্বতারোহীরা এই ৯৭টি শৃঙ্গে তেমন আগ্রহ দেখাননি, মাত্র ৬৮ জন সেখানে গেছেন। বিপরীতে, শুধু ২০২৪ সালেই এভারেস্টে আরোহনের জন্য ৪২১টি পারমিট দেয়া হয়েছে।

৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্ট সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত ভিড়, পরিবেশগত সমস্যা ও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২০২৪ সালের এপ্রিলে নেপালের সুপ্রিম কোর্ট দেশটির সরকারকে এভারেস্টসহ কয়েকটি শৃঙ্গের আরোহন পারমিট সীমিত করার নির্দেশ দেন।

চলতি বছরের জানুয়ারিতে কর্তৃপক্ষ পারমিট ফি ৩৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। শীর্ষ মৌসুমের বাইরে এভারেস্ট আরোহনের ক্ষেত্রে এখন সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ফি হবে ৭ হাজার ৫০০ ডলার আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ৩ হাজার ৭৫০ ডলার। এছাড়া নেপালের পার্লামেন্টে নতুন একটি আইন নিয়ে আলোচনা চলছে, যাতে বলা হয়েছে—এভারেস্টে উঠতে চাইলে আগে নেপালে অন্তত ৭ হাজার মিটারের একটি শৃঙ্গে আরোহন করতে হবে।

আরও