ভারতে উত্তরপ্রদেশের রাজধানী লাক্ষ্ণৌর একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার উত্তর-পশ্চিম আলীগঞ্জ এলাকার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুন দমকল কর্মীরা নিয়ন্ত্রণে আনার পর ভবনটি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। আগুন লাগার পর ভবনের ভেতরে অনেকে আটকা পড়েন। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পড়েন।
তিন তলা ভবনটিতে কোচিং সেন্টার ছাড়াও একটি পোষা প্রাণীর দোকান এবং অন্য দোকান রয়েছে। দোতলায় কোচিং সেন্টারের পাশে গেমিং জোনও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গেছে, কোচিং সেন্টার ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। অনেকেই দোতলা থেকে ঝাঁপ দিয়ে নেমে পালানোর চেষ্টা করছেন। কিন্তু এর জেরে আহত হন অনেকে।
খবর পেয়ে দ্রুত দমকল, পুলিশ এবং উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। একাধিক দমকল ইঞ্জিন মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়।
আগুনের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।