ইউক্রেনে শান্তি চায় না ইউরোপীয় দেশগুলো, দাবি রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা (ইউরোপীয় দেশ) ‘শান্তি’ এবং ‘সমাধান’ শব্দগুলো নিয়েই অস্বস্তিতে রয়েছে। তারা এটি চায় না। তাদের লক্ষ্য উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ দীর্ঘায়িত করা। জেলেনস্কি এবং তাকে সমর্থনকারী ইউরোপীয় নেতারা ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের জন্য চাপ অব্যাহত রেখেছেন।

ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে শান্তি চায় না বলে অভিযোগ করেছে রাশিয়া। দেশটির এক শীর্ষ কর্মকর্তার দাবি, ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধি ও যুদ্ধ দীর্ঘায়িত করাই এসব দেশের লক্ষ্য।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বার্তা সংস্থা আনাদোলুকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, জার্মানি এবং ফ্রান্স পূর্ব ইউক্রেনের ওপর ২০১৪-২০১৫ সালের মিনস্ক চুক্তি লঙ্ঘনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে। অন্যদিকে ব্রিটেন ২০২২ সালের মার্চ মাসে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে নিরুৎসাহিত করেছে।

মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই দেশগুলো ইউক্রেনের সংকট সমাধানে কোনো চেষ্টা করেনি, যা ইউক্রেন সম্পর্কে তাদের অবস্থানকে অপ্রাসঙ্গিক করে তুলেছে।

তিনি আরো বলেন, ক্রমবর্ধমান উত্তেজনা এবং রুশোফোবিয়ার ওপর ভিত্তি করে তৈরি মৌলিক দৃষ্টিভঙ্গি যদি তারা পরিবর্তন করতে পারে, তাহলে আমরা এটি বিবেচনা করব। কিন্তু আপাতত তাদের উন্মত্ত অবস্থান বিবেচনার কোনো ভিত্তি নেই।

তার দাবি, ইউরোপীয় দেশগুলো সক্রিয়ভাবে সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিরোধিতা করছে। ইউরোপের কিছু রাজনৈতিক শক্তি ইচ্ছাকৃতভাবে আলোচনা শুরুর যে কোনো প্রচেষ্টাকে বাধা দিচ্ছে বলেও ইঙ্গিত করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, তারা (ইউরোপীয় দেশ) ‘শান্তি’ এবং ‘সমাধান’ শব্দগুলো নিয়েই অস্বস্তিতে রয়েছে। তারা এটি চায় না। তাদের লক্ষ্য উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ দীর্ঘায়িত করা। জেলেনস্কি এবং তাকে সমর্থনকারী ইউরোপীয় নেতারা ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের জন্য চাপ অব্যাহত রেখেছেন।

আরও