নিউইয়র্কের নতুন মেয়র

ইহুদিবিদ্বেষের সংজ্ঞা পাল্টে ইসরায়েলকে ক্ষেপিয়ে শুরু মামদানির যাত্রা

ইসরায়েল সরকারের মতে, এসব আদেশ বাতিলের মধ্য দিয়ে মামদানি ইসরায়েলবিরোধী অবস্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন।

দায়িত্ব নিয়েই মেয়র মামদানি আন্তর্জাতিক হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্স (আইএইচআরএ) এর দেয়া ‘অ্যান্টিসেমিটিজম’ এর সংজ্ঞা বাতিল এবং ইসরায়েলবিরোধী বয়কটের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিয়েছেন।

নিউইয়র্কের ১১২তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন জোহরান মামদানি। বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের জারি করা ইহুদিবিদ্বেষ বা 'অ্যান্টিসেমিটিজম' এর সংজ্ঞা সংক্রান্ত একটি বিতর্কিত নির্বাহী আদেশ বাতিল করেছেন তিনি। মামদানির এই পদক্ষেপকে ‘আগুনে পেট্রোল ঢালা’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর দ্য গার্ডিয়ান।

দায়িত্ব নিয়েই মেয়র মামদানি আন্তর্জাতিক হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্স (আইএইচআরএ) এর দেয়া ‘অ্যান্টিসেমিটিজম’ এর সংজ্ঞা বাতিল এবং ইসরায়েলবিরোধী বয়কটের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিয়েছেন।

এই পদক্ষেপের কড়া সমালোচনা করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলে, ‘নিউইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই মামদানি তার আসল চেহারা দেখালেন। তিনি অ্যান্টিসেমিটিজমের আইএইচআরএ’এর দেয়া সংজ্ঞা বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়। এটি আগুনে অ্যান্টিসেমিটিক পেট্রোল ঢালার শামিল।‘

বাতিল হওয়া আদেশগুলোর একটি ছিল, নিউইয়র্ক সিটি প্রশাসনের বিভিন্ন সংস্থাকে আইএইচআরএ’ এর সংজ্ঞা অনুসরণ করতে বাধ্য করা। ওই সংজ্ঞায় বলা হয়েছিল, ইসরায়েলকে ‘দানব রূপে উপস্থাপন করা’ বা ‘দ্বৈত মানদণ্ডে বিচার করা’ আধুনিক অ্যান্টিসেমিটিজমের অংশ।

আরেকটি আদেশে শহরের পেনশন তহবিল পরিচালনায় যুক্ত কর্মকর্তাদের বয়কট, ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস (বিডিএস) আন্দোলনের পক্ষে সিদ্ধান্ত নিতে নিষেধ করা হয়েছিল। মামদানি এর আগেই প্রকাশ্যে বিডিএস আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন।

ইসরায়েল সরকারের মতে, এসব আদেশ বাতিলের মধ্য দিয়ে মামদানি ইসরায়েলবিরোধী অবস্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন।

ইহুদি সংগঠনগুলোর উদ্বেগের জবাবে মেয়র মামদানি জানান, ইহুদি নিউইয়র্কবাসীদের সুরক্ষা দেয়া তার প্রশাসনের অন্যতম লক্ষ্য থাকবে। তিনি বলেন, ‘আমার প্রশাসন ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে নিরলস কাজ করবে, যার মধ্যে ইহুদিবিদ্বেষ মোকাবেলাও অন্তর্ভুক্ত। তবে আমরা এমন এক রাজনীতি করব যা সার্বজনীন।‘

মেয়র মামদানি আরো স্পষ্ট করেছেন যে, এরিক অ্যাডামসের দুর্নীতি মামলার পর জারি করা সকল নির্বাহী আদেশ তিনি পর্যালোচনা বা বাতিল করছেন যাতে নতুন প্রশাসন একটি ‘নতুন শুরু’ করতে পারে।

আরও