ইন্দোনেশিয়ার মধ্য জাভার স্রাগেন শহরে প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ানতোর বিনামূল্যের স্কুল মিল কর্মসূচি বড় ধাক্কার মুখে পড়েছে। ফ্রি লাঞ্চ খাওয়ার পর অন্তত ৩৬৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। খবর এপি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, খাবারের নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং সাময়িকভাবে প্রকল্পের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কেন্দ্রীয় রান্নাঘর থেকে একাধিক স্কুলে বিতরণ করা হয়েছিল হলুদ ভাত, ডিমভাজি, ভাজা সয়াবিন, শসার সালাদ ও এক বাক্স দুধ। ধারণা করা হচ্ছে, এই খাবারই অসুস্থতার কারণ হতে পারে।
অসুস্থদের মধ্যে অনেক শিক্ষার্থী রাতের বেলা পেটব্যথা, ডায়রিয়া ও মাথাব্যথায় ভুগেছেন। সরকার জানিয়েছে, চিকিৎসার খরচ রাষ্ট্র বহন করবে। তবে স্থানীয় প্রশাসন বলছে, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
প্রেসিডেন্ট প্রবাওয়ের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে চালু হওয়া এই ২৮ বিলিয়ন ডলারের বিনামূল্যের খাবার কর্মসূচি দেশের ৮ কোটি স্কুলশিক্ষার্থীকে খাবার সরবরাহের লক্ষ্যে নেয়া হয়েছিল। কিন্তু জানুয়ারি থেকে শুরু হওয়ার পর থেকেই প্রায় এক হাজার মানুষ খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।
এ ছাড়াও প্রকল্পের বিপুল ব্যয় নিয়ে সমালোচনা চলছে। এ খাতে ব্যয় মেটাতে সরকার প্রায় ১৯ বিলিয়ন ডলার কেটে নিয়েছে অন্যান্য মন্ত্রণালয়ের বাজেট থেকে। এর জেরে সরকারি কর্মকর্তারা অফিসে এয়ার কন্ডিশনার, লিফট ও প্রিন্টারের ব্যবহার সীমিত করতে বাধ্য হচ্ছেন। ক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে বিক্ষোভও করেছেন।
তবুও গত শুক্রবার সংসদে প্রথম জাতীয় ভাষণে প্রবাও কর্মসূচির পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ‘এটি ও অন্যান্য সামাজিক উদ্যোগ ইন্দোনেশিয়াকে দারিদ্র্য, ক্ষুধা ও দুঃখ-কষ্ট থেকে মুক্ত করবে।‘