আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনা: এখন পর্যন্ত যা জানা গেল

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছের মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করা উড়োজাহাজটিতে ২৩২ জন আরোহী ও ১০ জন ক্রু ছিলেন। আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত যা জানা গেল

  • বোয়িং ৭৮৭-৮ মডেলের উড়োজাহাজটি ভারতের স্থানীয় সময় ১টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে। এতে ১৬৯ ভারতের, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডার ও ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি উড্ডয়নের পর ৮২৫ ফিট উচ্চতায় পৌঁছানোর পরপরই তা আবার নিচে নামতে শুরু করে ও এক পর্যায়ে বিধ্বস্ত হয়।
  • উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পরপরই দুর্ঘটনাকবলিত স্থান থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। বেশ কয়েকজন আহত যাত্রীকে এরই মধ্যে কাছের হাসপাতালগুলোতে নেয়া হয়েছে। ঘটনাস্থলে দুই ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। উদ্ধারকর্মীরা অভিযান শুরু করছেন।
  • দুর্ঘটনার পরপরই ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করেছে।
  • বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু এক বিবৃতিতে বলেন, আহমেদাবাদে দুর্ঘটনার খবর শুনে আমি মর্মাহত ও বিধ্বস্ত। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। আমি ব্যক্তিগতভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট উড়োজাহাজ ও জরুরি সেবা সংস্থাগুলোকে দ্রুত ও সমন্বিতভাবে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছি। মন্ত্রী আরো জানান, উদ্ধারকারী দল এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং দুর্ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। উড়োজাহাজে থাকা সব যাত্রী এবং তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল।
  • এদিকে দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। টাটা সন্স ও এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আজ এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ একটি মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার ক্ষতিগ্রস্ত যাত্রী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো। এরই মধ্যে একটি জরুরি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে এবং পরিবারের সদস্যদের তথ্য সরবরাহের জন্য একটি সাপোর্ট টিম গঠন করা হয়েছে।
  • এ ঘটনায় দেশটির অন্যতম শিল্পপতি গৌতম আদানিও শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা স্তব্ধ ও গভীরভাবে শোকাহত। যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং পরিবারগুলোর পাশে থাকার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করছি।

এনডিটিভি

আরও