পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মিয়া মোহাম্মদ শেহবাজ শরীফকে অভিনন্দন বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বার্তার উত্তর দিয়েছেন শেহবাজ। বলেছেন, দুই দেশের উন্নত ভবিষ্যতের জন্য তিনি কাজ করতে চান।
আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন বার্তায় উত্তর পাঠান মিয়া মোহাম্মদ শেহবাজ শরীফ। এতে তিনি বলেন, আপনার অভিনন্দন বার্তার জন্য আন্তরিক ধন্যবাদ।
তিনি আরো বলেন, ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন আমাদের দুই জনগোষ্ঠীকে সংযুক্ত করেছে। আমাদের অংশীদারী ইতিহাস, অভিন্ন বিশ্বাস ও স্বার্থে এটি একটি শক্ত শিকড়ে পরিণত হয়েছে।
শেহবাজ শরীফ বলেন, আমাদের দুই দেশের উন্নত ভবিষ্যতের জন্য, এ অঞ্চলে শান্তি রক্ষা ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করতে আমি অত্যন্ত আগ্রহী।
আপনার সুস্বাস্থ্য কামনা ও ভ্রাতৃপ্রতীম বাংলাদেশের জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার শুভেচ্ছা রইল। আমাকে এ সুযোগটি কাজে লাগাতে দিন। অনুগ্রহ করে আমার এ আহ্বান গ্রহণ করুন।
এর আগে গত বুধবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেহবাজকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে এক টুইটে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
টুইটে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ অঞ্চলের অভিন্ন উন্নয়নের লক্ষ্য অর্জনের পথে যে চ্যালেঞ্জগুলো আছে, তা মোকাবেলায় এখানকার সবার অবশ্যই একসঙ্গে কাজ করা উচিত।
গত শনিবার রাতে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। সোমবার প্রধানমন্ত্রী নির্বচিত হন নওয়াজ শরীফের ভাই শেহবাজ।